কৃষিঋণ নীতিমালায় বড় পরিবর্তন বাড়ানো হলো সুবিধাভোগীর আওতা
ads

 বিশেষ সংবাদদাতা

কৃষক ও কৃষির সাথে জড়িত শিল্প উদ্যোক্তাদের আগে শুধু কৃষিঋণ দেয়া হতো। এখন থেকে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও কৃষিপণ্য সংরক্ষণেও মিলবে কৃষিঋণ। এ জন্য কৃষিঋণ নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি প্রকাশ করে এসব নির্দেশনা দিয়েছে।
নতুন নীতিমালায় কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে চারটি প্রধান খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এর মধ্যে মোট কৃষিঋণের লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ ফসল উৎপাদনে, ১৫ শতাংশ কৃষি যন্ত্রপাতিতে, ১০ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণের নির্দেশনা রয়েছে। নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো কৃষির পুরো ভ্যালু চেইন বা মূল্য সংযোজন প্রক্রিয়াকে ঋণের আওতায় আনা। ফলে এখন থেকে শুধু জমিতে ফসল উৎপাদন নয়, উৎপাদিত পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারে পেঁৗঁছে দেয়ার কাজেও ঋণ পাওয়া  যাবে। এতে কৃষিভিত্তিক উদ্যোক্তা, প্রতিষ্ঠান ও সমিতির জন্য নতুন অর্থায়নের সুযোগ তৈরি হবে।
কৃষকের দোরগোড়ায় যাবে ব্যাংক
প্রকৃত কৃষক, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক এবং বর্গাচাষিদের ঋণপ্রাপ্তি সহজ করতে ইউনিয়ন পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংক কর্মকর্তারা ক্যাম্প করে কৃষকদের ঋণের তথ্য জানাবেন এবং ঋণ বিতরণের ব্যবস্থা করবেন। এতে ব্যাংকের শাখায় গিয়ে ঋণ নেয়ার জটিলতা ও যাতায়াতের খরচ কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে জমির মালিকানা না থাকা বা স্বল্প জমিতে চাষাবাদ করা কৃষকদের ঋণপ্রাপ্তির সুযোগ বাড়বে।
নতুন নীতিমালায় প্রিসিশন অ্যাগ্রিকালচার ও ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচারের জন্য পৃথক নির্দেশনা যুক্ত করা হয়েছে। প্রিসিশন অ্যাগ্রিকালচারে প্রযুক্তির মাধ্যমে জমির প্রয়োজন অনুযায়ী সার, পানি, বীজ ও কীটনাশক ব্যবহার করা হয়। এতে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ফলন বাড়ানোর সুযোগ রয়েছে।
অন্য দিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় খরা, বন্যা, লবণাক্ততা ও অতিবৃষ্টির সাথে খাপ খাইয়ে উৎপাদন অব্যাহত রাখার পদ্ধতিই ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার। এসব প্রযুক্তি ও ডিজিটাল কৃষিসেবায় ঋণ দেয়ার সুযোগ বাড়ানো হয়েছে। কৃষিতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প স্থাপনে দেয়া ঋণ কৃষিঋণ হিসেবে গণ্য হবে। পাশাপাশি জৈব সার উৎপাদন ও বিতরণেও ঋণ দেয়ার সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে সেচব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, নতুন নীতিমালার মূল লক্ষ্য কৃষিঋণ বিতরণ ও আদায় কার্যক্রম কার্যকর করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষিতে বিনিয়োগের পরিধি বাড়ার পাশাপাশি কৃষিপণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজার সম্প্রসারণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।