
- ক্ষতিগ্রস্তদের দাবি উপেক্ষিত, অর্থায়নে অনিশ্চয়তা
- বাংলাদেশের অর্জন তিন কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনার সুযোগ
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট রূপরেখা এবং অভিযোজন খাতে কার্যকর অঙ্গীকার ছাড়াই শেষ হলো তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১। গতকাল শুক্রবার দুই সপ্তাহের এ সম্মেলনের পর্দা নামে বিতর্ক, হতাশা ও বিক্ষোভের মধ্য দিয়ে। প্রায় ২০০ দেশের প্রতিনিধির অংশগ্রহণে আলোচনা, কূটনৈতিক দরকষাকষি ও বিনিয়োগের নানা ঘোষণা এলেও জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বিশেষ করে অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবেলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। তবে সম্মেলনে বাংলাদেশের জন্য সর্বোচ্চ তিন কোটি ডলারের অভিযোজন বিনিয়োগ পরিকল্পনা তৈরির একটি সুযোগ সৃষ্টি হয়েছে।
সম্মেলনের শেষ পর্যায়ে প্রকাশিত সংশোধিত খসড়া সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সরাসরি উল্লেখ বাদ পড়ায় পরিবেশবাদী সংগঠন ও জলবায়ুকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আগের খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা থাকলেও চূড়ান্ত খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের প্রসঙ্গ রাখা হয়নি। পরিবর্তে কম নিঃসরণ ও জলবায়ুসহিষ্ণু বৈশ্বিক রূপান্তরের তুলনামূলক দুর্বল ভাষা ব্যবহার করা হয়। কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির বিষয়টিও আলোচনায় স্থান পায়। ফলে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সময়বদ্ধ ও কার্যকর পরিকল্পনা না থাকায় সমালোচনা দেখা দেয়। পানামাসহ কয়েকটি দেশ শক্তিশালী সিদ্ধান্ত না এলে চূড়ান্ত সমঝোতায় আপত্তির কথাও জানায়।
অভিযোজন অর্থায়নে প্রত্যাশা পূরণ হয়নি
জলবায়ু অর্থায়ন ছিল সম্মেলনের অন্যতম প্রধান বিতর্কের বিষয়। উন্নয়নশীল দেশগুলো অভিযোজন কার্যক্রমে অর্থায়ন বাড়ানো, ঋণের পরিবর্তে অনুদান এবং সহজ শর্তে অর্থ পাওয়ার দাবি জানায়। আগের খসড়ায় ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে বছরে ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হলেও সংশোধিত খসড়ায় তা বাদ পড়ে। অথচ বিভিন্ন আন্তর্জাতিক পর্যালোচনায় উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনের জন্য বছরে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে।
জাতিসঙ্ঘের পর্যালোচনা অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন অর্থায়ন ২০২২ সালের ৮১ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে কমে ২০২৪ সালে ৬৪ দশমিক ১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্য দিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এসব দেশের অর্থের প্রয়োজন ক্রমেই বাড়ছে। প্রতিশ্রুত অর্থ ও প্রকৃত অর্থ ছাড়ের ব্যবধান, ঋণনির্ভর সহায়তা এবং জটিল শর্তের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে না।
সম্মেলনের শেষ দিনে আফ্রিকান গ্রুপ অব নেগোশিয়েটরসের চেয়ার জেনেটর আগিয়েম্যান-রলিংস উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি পূরণ না করার সমালোচনা করেন। তিনি বলেন, আফ্রিকার দেশগুলো সাহায্য চাইতে নয়, নিজেদের জনগণের ন্যায্য অধিকার আদায় করতে এসেছে। ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক তাসনিম এসপও খসড়া সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এতে বৈশ্বিক দক্ষিণের মানুষের অগ্রাধিকার ও সুরক্ষার প্রতিফলন নেই। নাগরিক সমাজের কয়েকটি সংগঠন সম্মেলনের ফলাফলকে ব্যর্থ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করে।
শুরু থেকে শেষ দিন পর্যন্ত বিক্ষোভ-প্রতিবাদ
সম্মেলনের উদ্বোধনী দিন ৯ নভেম্বর থেকেই জীবাশ্ম জ্বালানি বন্ধ, অভিযোজন অর্থায়ন বৃদ্ধি, জলবায়ু ন্যায়বিচার এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ শুরু হয়। ১০ নভেম্বর আফ্রিকার অভিযোজন অর্থায়ন বাড়ানো এবং ঋণের পরিবর্তে অনুদান দেয়ার দাবিতে কর্মসূচি পালিত হয়। পরে গ্রেটা থুনবার্গসহ আন্তর্জাতিক জলবায়ুকর্মীরা বিশ্বনেতাদের ভূমিকার সমালোচনা করেন।
১৪ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠিত পিপলস ক্লাইমেট মার্চে আয়োজকদের হিসাবে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেন। গ্রিনপিস, ফ্রাইডেস ফর ফিউচারসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা জীবাশ্ম জ্বালানি বন্ধ, বন ও পরিবেশ রক্ষা এবং দূষণকারীদের জবাবদিহির দাবি জানান। সম্মেলনের শেষ দিন ২০ নভেম্বর ঐতিহাসিক হাদ্রিয়ানের গেটে গ্রিনপিসের ‘হিস্ট্রি ইজ ওয়াচিং’ ব্যানার প্রদর্শন এবং আদিবাসী অধিকারকর্মীদের প্রতিবাদের মধ্য দিয়ে আন্দোলন-সংগ্রামের সমাপ্তি ঘটে। তাদের দাবি ছিল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সরাসরি হ্রাস এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা।
বিদ্যুতায়ন ও বিনিয়োগের উদ্যোগ
সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ প্রায় ২১ শতাংশ থেকে ৩৫ শতাংশে উন্নীত করার উদ্যোগ সামনে আসে। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সমর্থন থাকলেও এ উদ্যোগ বাধ্যতামূলক নয়। পরিবেশকর্মীদের আশঙ্কা, বিদ্যুৎ উৎপাদনে কয়লা ও গ্যাসের ব্যবহার অব্যাহত থাকলে শুধু বিদ্যুতায়নের মাধ্যমে প্রত্যাশিত নিঃসরণ হ্রাস সম্ভব হবে না। তাই নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট পরিকল্পনার দাবি জানানো হয়।
বাংলাদেশের জন্য ৩ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনার সুযোগ
বৈশ্বিক পর্যায়ে প্রত্যাশিত অগ্রগতি না এলেও কপ৩১ থেকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সম্ভাবনা তৈরি হয়েছে। জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) ‘অ্যারাইজ’ কর্মসূচির প্রথম পর্যায়ে নির্বাচিত পাঁচটি দেশের একটি হয়েছে বাংলাদেশ। এ কর্মসূচির আওতায় সর্বোচ্চ তিন কোটি ডলারের অভিযোজন বিনিয়োগ পরিকল্পনা তৈরির সুযোগ পেয়েছে ঢাকা।
পরিকল্পনায় উপকূলীয় অবকাঠামো, জলবায়ুসহিষ্ণু কৃষি, দুর্যোগ মোকাবেলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার মতো বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। তবে তিন কোটি ডলার এখনই বাংলাদেশের হাতে আসছে না। পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প চূড়ান্তকরণ ও অনুমোদনের পর অর্থায়নের সুযোগ তৈরি হবে। অর্থাৎ এটি নিশ্চিত অর্থপ্রাপ্তি নয়; বরং ভবিষ্যতে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাস্তবতা এবং উন্নত বিশ্বের ঐতিহাসিক দায় তুলে ধরে। জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঋণের পরিবর্তে অনুদান, ক্ষয়ক্ষতি তহবিলের কার্যকর ব্যবহার এবং প্রযুক্তি হস্তান্তরের দাবি জানায় ঢাকা। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও জলবায়ুসহিষ্ণু অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বাস্তবায়নই এখন মূল পরীক্ষা
কপ৩১-এ বিদ্যুতায়ন, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার কিছু উদ্যোগ সামনে এলেও জলবায়ু ন্যায়বিচারের মৌলিক প্রশ্নগুলো অমীমাংসিত রয়ে গেছে। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট রূপরেখা, অভিযোজন অর্থায়নের নিশ্চয়তা এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় পর্যাপ্ত অর্থের ব্যবস্থা হয়নি। সম্মেলনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত বিক্ষোভ-সমাবেশে উঠে আসা দাবিগুলোরও প্রতিফলন ঘটেনি চূড়ান্ত সিদ্ধান্তে।
বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো তিন কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা তৈরির সুযোগকে বাস্তব প্রকল্পে রূপ দেয়া এবং আন্তর্জাতিক প্রতিশ্রুত অর্থ ছাড় নিশ্চিত করা। উপকূলীয় সুরক্ষা, কৃষি, পানিসম্পদ, নদীভাঙন ও লবণাক্ততা মোকাবেলায় কার্যকর বিনিয়োগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও জীবিকায় দৃশ্যমান পরিবর্তন আনতে হবে। সবমিলিয়ে দুই সপ্তাহের আলোচনা, কূটনৈতিক দরকষাকষি ও প্রতিবাদের পরও জলবায়ু ন্যায়বিচারের নিশ্চয়তা না আসায় প্রত্যাশা ও হতাশার মধ্য দিয়েই শেষ হলো কপ৩১।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









