আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে শিগগির অ্যাকশন, নজরদারিতে ২৫ জেলা
ads

মোহাম্মদ জাফর ইকবাল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শিগগির অ্যাকশনে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে কমপক্ষে ২৫ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মদদদাতাদের নজরদারিতে রাখা হয়েছে। তবে সরকারের একটি অংশ বলছে, অ্যাকশনে যাওয়ার আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দেশের জনগণের সামনে এবং বিদেশের কাছে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন হিসেবে উপস্থাপন করতে চায়। অনেকেই বলছেন, ইতোমধ্যে বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আওয়ামীরা নিজেদের উগ্র, সন্ত্রাসী ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী হিসেবে প্রমাণ করেছে। 
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম নয়া দিগন্তকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ‘হত্যাকাণ্ডের জন্য দায়ী’ আওয়ামী লীগ নামক দলটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা এখন সময়ের দাবি। সরকারের উচিত আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী ও জঙ্গি  সংগঠন হিসেবে ঘোষণা করা। এক প্রশ্নের জবাবে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের ‘ষড়যন্ত্র’ চলছে বলেও অভিযোগ করেন। 
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে দলটি সাংগঠনিকভাবে ছত্রভঙ্গ হয়ে পড়লেও সাম্প্রতিক সময়ে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেয়ার চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে সরকার এবং ক্ষমতাসীন রাজনৈতিক মহল আওয়ামী লীগকে কেবল একটি পরাজিত রাজনৈতিক শক্তি হিসেবে নয়; বরং একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রমাণ করার কৌশল গ্রহণ করেছে। তবে কার্যক্রম স্থগিত ও আইনি বিধিনিষেধ আরোপ করা হলেও, নির্বাহী আদেশে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ বা চূড়ান্ত হার্ডলাইনে যাওয়ার ক্ষেত্রে সরকার বেশ সতর্ক ও ধীরগতির নীতি অনুসরণ করছে।
সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সবচেয়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে। প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো রাখঢাক না রেখেই পতিত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটি নিজেরাই প্রমাণ করেছে যে, তারা কোনো রাজনৈতিক দল নয়। 
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে সরকারের দু’টি সুস্পষ্ট কৌশলগত দিক বেরিয়ে আসে। প্রথমত, সরকার সরাসরি নির্বাহী আদেশে নতুন কোনো কঠোর ঘোষণা দেয়ার আগে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডগুলোকে সামনে এনে জনমনে এই ধারণা প্রতিষ্ঠা করতে চায় যে, দলটি মূলত সন্ত্রাসবাদের পথ বেছে নিয়েছে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী এককভাবে প্রশাসনিক শক্তি প্রয়োগের বদলে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে একই মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র মতে, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও বিভিন্ন সময়ে কথিত ‘ঢাকা লকডাউন’ কিংবা ঝটিকা কর্মসূচিকে কেন্দ্র করে পেট্রলবোমা নিক্ষেপ, প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান, যানবাহনে অগ্নিসংযোগ, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের একাধিক ঘটনা ঘটেছে। সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন, এই নাশকতামূলক কর্মকাণ্ডগুলোই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগের প্রকৃত চরিত্র উন্মোচন করার সবচেয়ে বড় হাতিয়ার। 
সরকার কেন এখনই চূড়ান্ত হার্ডলাইনে যাচ্ছে না- এর পেছনে বেশ কয়েকটি গভীর রাজনৈতিক, আইনি ও কৌশলগত কারণ তুলে ধরছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে ইতোমধ্যে অপরাধের দায়ে কোনো রাজনৈতিক দলকে শাস্তি দেয়ার বিধান যুক্ত করা হয়েছে। আদালতের চূড়ান্ত রায় আসার আগেই সরকার যদি নির্বাহী আদেশে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ বা সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে, তবে তা দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে বিবেচিত হতে পারে। পশ্চিমা বিশ্ব ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে গ্রহণযোগ্যতা ধরে রাখতে সরকার চাইছে, আদালতের তথ্য-প্রমাণ ও রায়ের ভিত্তিতেই দলটির চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হোক। সরকার মনে করছে, আওয়ামী লীগ বর্তমানে যে ধরনের সহিংস কর্মসূচি দিচ্ছে, তাতে সাধারণ মানুষ তাদের ওপর আরো ক্ষুব্ধ হচ্ছে। তাই নতুন করে কোনো চরম পদক্ষেপ নিয়ে দলটিকে ‘ভিকটিম’ বা নির্যাতিত হিসেবে উপস্থাপনের সুযোগ দিতে চায় না সরকার।
সরকারের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো বর্তমানে এতটাই দুর্বল যে, তারা বড় কোনো গণ-আন্দোলন বা সরকার পতনের মতো পরিস্থিতি তৈরি করার সক্ষমতা রাখে না। স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বারবার আশ্বস্ত করেছেন যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিশেষ অভিযানের মাধ্যমে নাশকতাকারীদের গ্রেফতার করছে। যেহেতু প্রচলিত আইন ও গোয়েন্দা তৎপরতা দিয়েই পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে, তাই নতুন করে কোনো কঠোর জরুরি পদক্ষেপ নেয়ার প্রয়োজন বোধ করছে না সরকার। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমানের  সাম্প্রতিক বক্তব্যে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ফুটে উঠেছে। 
এ দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক নাশকতা, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতা মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার অবস্থান নিয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলো। সংসদের ভেতরে ও বাইরে ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক দলকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে বৈঠকে সহিংস পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। এরই অংশ হিসেবে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠকও করেছেন বিরোধীদলীয় নেতা। বৈঠকে দুই নেতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্রিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে মনে করছেন সবাই। 
জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিবাদী পরাজিত অপশক্তি জ্বালাওপোড়াও করে তাদের প্রকৃত পরিচয় দেশ-বিদেশের মানুষের কাছে প্রকাশ করছে। যেকোনো মূল্যে পরাজিত এই অপশক্তিকে মোকাবেলা করা হবে। তার মতে, জুলাই ঐক্যে বিভেদ বা ফাটল তৈরি হলে বাংলাদেশ দুর্বলতার দিকে ঢলে পড়বে। 
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ নয়া দিগন্তকে বলেন, কয়েক দিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও পতিত স্বৈরাচারের অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশ অস্থিরতার মধ্যে পড়েছে। পুরো জাতি নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তিনি বলেন, এই কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন হিসেবে প্রমাণ করেছে। সরকারের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে দৃশ্যমান প্রদক্ষেপ গ্রহণ করা।  
এ দিকে সরকারি দলের একাধিক শীর্ষ নেতা এ প্রতিবেদককে জানান, সরকার খুব শিগগির আওয়ামী লীগের জ্বালাওপোড়াও, ভাঙচুরসহ সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। একই সাথে যারা এই তাণ্ডবের পেছনে ইন্ধন জোগাচ্ছে, সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এরই অংশ হিসেবে কমপক্ষে ২৫ জেলার ডিসি, এসপিসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নজরদারিতে রাখা হয়েছে। শিগগির তাদের বদলিসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে। তবে তার আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন হিসেবে প্রমাণ করতে চায়। তারা যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, জনগণের জানমাল যে তাদের হাতে নিরাপদ নয়, সেটি বিশ্বমঞ্চে তুলে ধরতে চায়। 
জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘পঞ্চম বাহিনী’ আখ্যায়িত করে নয়া দিগন্তকে বলেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টিকারী ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেয়া হবে না। অগণতান্ত্রিক বা অমানবিক পন্থায় নয়; বরং জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে এদের পথে পথে প্রতিহত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, যারা অর্থ ও মদদ দিয়ে দেশে অরাজকতা তৈরিতে সহযোগিতা করছে, তাদেরও ছাড় দেয়া হবে না। তিনি বলেন, প্রথম থেকে আমরা ধৈর্যের সীমার মধ্যে থেকে বিষয়গুলো দেখছিলাম; কিন্তু তাদের কর্মকাণ্ড ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। তাদের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেয়া হবে। সরকারও এ বিষয়ে অত্যন্ত তৎপর।
জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার নয়া দিগন্তকে বলেন, দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম সবাই দেখছে। এখানে সরকারের ব্যর্থতা আছে বলে আমি মনে করি না। সরকার চাইলে এদের দমন করতেই পারে। আমি মনে করি সরকার এখানে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। তারা দেখাতে চায়, আমরা তোমাদের (আওয়ামী লীগ) ভালো হওয়ার সুযোগ দিচ্ছি। একই সাথে যারা এর পছেনে কলকাঠি নাড়ছে, তাদেরও বের করার একটি সুযোগ এখানে  রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই যে একাট্টা সেটি আবার দেখা যাচ্ছে। ফলে আওয়ামী লীগের এটা আত্মোপলব্ধি করতে হবে। অন্যথায় তাদের চড়া মূল্য দিতে হবে।