দর্শনার্থীর টুপি গিলে মৃত্যু জলহস্তীর
দর্শনার্থীর টুপি গিলে মৃত্যু জলহস্তীর।
ads

নয়া দিগন্ত ডেস্ক 
যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানার বিশ্বজুড়ে পরিচিত ও দর্শকপ্রিয় জলহস্তী ফিওনা মারা গেছে। মাত্র ৯ বছর বয়সী এই জলহস্তীর মৃত্যুর কারণ, দর্শনার্থীর একটি বোনা টুপি খেয়ে ফেলা। বৃহস্পতিবার (স্থানীয় সময়) চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাবশত একটি টুপি ফিওনার আবাসস্থলে পড়ে গেলে সে সেটি খেয়ে ফেলে। এর পর থেকে চিড়িয়াখানার পশুচিকিৎসক ও পরিচর্যাকারীরা তাকে সার্বক্ষণিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখেন। বিভিন্ন ধরনের চিকিৎসা ও প্রচেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সিনসিনাটি চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা এই মুহূর্তে হতবাক। এমন পরিণতি হবে, তা আমরা কল্পনাও করিনি। শেষ মুহূর্ত পর্যন্ত সে লড়াই করেছে।’ চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দুই হাজার পাউন্ডের বেশি ওজনের ফিওনার অস্ত্রোপচার করা সম্ভব ছিল না। এ বিষয়ে পশুচিকিৎসক ও মানবদেহের বিশেষজ্ঞদের সাথেও পরামর্শ করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘টুপি শরীর থেকে বের করে আনার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছিল; কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হয়নি। তাকে বাঁচাতে প্রয়োজনীয় সহায়ক চিকিৎসা দেয়া হলেও তা সফল হয়নি।’
চিড়িয়াখানার যোগাযোগ বিভাগের পরিচালক মিশেল কার্লি জানান, এক সপ্তাহেরও বেশি আগে এক দর্শনার্থী জলহস্তীর আবাসস্থলের সামনে একটি বোনা টুপি বাতাসে ছুড়ে দেন। টুপিটি একটি সিলিং ফ্যানে আটকে যায়। পরে ফ্যানের আঘাতে সেটি ১২ ফুট উঁচু দর্শন-জানালার ওপরের প্রায় এক ফুটের ফাঁক দিয়ে ভেতরে চলে যায়।
জু মায়ামির সহযোগী পশুচিকিৎসক ও জলহস্তী বিশেষজ্ঞ ডা. গ্যাব্রিয়েলা ফ্ল্যাকে ফিওনার চিকিৎসায় পরামর্শ দিয়েছিলেন। তার মতে, কোনো প্রাণী বাইরের বস্তু খেয়ে ফেললে তার অন্ত্রে প্রতিবন্ধকতা বা ব্লকেজ তৈরি হতে পারে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এর আগে ফিওনার কোলনোস্কোপি করা হয়েছিল। আলট্রাসাউন্ড পরীক্ষায় দেখা যায়, তার অন্ত্রের অংশবিশেষ একটির ওপর আরেকটি গুটিয়ে যাচ্ছে। এটি ক্ষুদ্রান্ত্র দিয়ে কোনো বস্তু চলাচলের সময় সৃষ্ট সমস্যার লক্ষণ হতে পারে।
ডা. ফ্ল্যাকে বলেন, কোনো বস্তু অন্ত্রে আটকে গেলে তার চার পাশের অন্ত্রের টিস্যু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। বস্তুটির চাপে অন্ত্র প্রসারিত হয় এবং একপর্যায়ে সেখানে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। ফলে অন্ত্রের টিস্যু নষ্ট হতে শুরু করে।
ফিওনার অস্ত্রোপচার না করার সিদ্ধান্তের পেছনে জলহস্তীর বিশাল দেহ ও ওজনও একটি কারণ হতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। 
২০১৭ সালে জন্মের পর থেকেই আলোচনায় আসে ফিওনা। নির্ধারিত সময়ের ছয় সপ্তাহ আগেই জন্ম নেয়া এই জলহস্তীর ওজন ছিল মাত্র ২৯ পাউন্ড, যা এ প্রজাতির নবজাতকের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ কম। সাধারণত একটি জলহস্তীশাবকের জন্মের সময় ওজন প্রায় ১০০ পাউন্ড হয়ে থাকে। জন্মের সময় এতটাই দুর্বল ছিল ফিওনা যে, ঠিকমতো হাঁটতেও পারত না। মায়ের কাছ থেকে দুধ পান করার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার সক্ষমতাও তার ছিল না। ফলে তাকে বাঁচিয়ে রাখতে চিড়িয়াখানার একাধিক কর্মী বিশেষ পরিচর্যার দায়িত্ব নেন। এই পরিচর্যাকারী দলটির নাম দেয়া হয় ‘টিম ফিওনা’। তাদের সাথে যোগ দেন কাছাকাছি অবস্থিত সিনসিনাটি চিলড্রেনস হাসপাতালের কয়েকজন নার্স। নবজাতকের শিরায় সুঁচ প্রবেশ করানো এবং ক্ষুদ্রাকৃতির শিশুর বিশেষ পরিচর্যায় তাদের অভিজ্ঞতা ফিওনাকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিওনার বেড়ে ওঠার নানা মুহূর্ত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই সে সিনসিনাটি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন চিড়িয়াখানার কর্মী, স্থানীয় বাসিন্দা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের অসংখ্য ভক্ত।