স্বস্তির আড়ালে অর্থনীতির পাঁচ বড় ঝুঁকি
ads

 বিশেষ সংবাদদাতা 
বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসী আয় ও রাজস্ব আহরণে কিছু ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধার এখনো টেকসই ভিত্তি পায়নি। বিশেষ করে বেসরকারি বিনিয়োগের দুর্বলতা, ব্যাংকিং খাতের খেলাপি ঋণ ও মূলধন সঙ্কট, সরকারের ব্যাংকঋণনির্ভরতা, আমদানি ব্যবস্থাপনার চাপ এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থাহীনতা অর্থনীতির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
সামগ্রিক তথ্য-উপাত্ত বিশ্লেষণে অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি চিহ্নিত করা যায়। এগুলো হলো- বৈদেশিক মুদ্রা আয়ের উৎসে অতিরিক্ত নির্ভরতা, আমদানি ও বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা, ব্যাংকিং খাতের কাঠামোগত দুর্বলতা, রাজস্ব ঘাটতি ও সরকারি ঋণনির্ভরতা এবং বেসরকারি বিনিয়োগের স্থবিরতা। এর সাথে যুক্ত হয়েছে পুঁজিবাজারের দীর্ঘস্থায়ী আস্থা সঙ্কট। 
অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ বাড়া কিংবা রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হওয়া সাময়িক স্বস্তি দিতে পারে। কিন্তু উৎপাদন, রফতানি, কর্মসংস্থান ও বিনিয়োগে তার প্রতিফলন না ঘটলে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। 
রিজার্ভের স্বস্তি, বৈদেশিক আয়ে ঝুঁকি 
বাংলাদেশের বৈদেশিক খাতে সাম্প্রতিক ইতিবাচক প্রবণতার অন্যতম ভিত্তি প্রবাসী আয়। রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রাবাজারে সরবরাহের চাপ কিছুটা কমেছে। একই সাথে রিজার্ভ পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে। তবে বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা ধরে রাখতে রেমিট্যান্সের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে রফতানি আয় ও উৎপাদননির্ভর বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ানো জরুরি। 
রেমিট্যান্স অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও এটি দেশের অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতার সরাসরি বিকল্প নয়। প্রবাসী শ্রমবাজারে অস্থিরতা, আন্তর্জাতিক অর্থনীতিতে মন্দা, মধ্যপ্রাচ্যের সঙ্ঘাত কিংবা অভিবাসন ব্যয় ও নীতিতে পরিবর্তন ঘটলে এই প্রবাহেও ঝুঁকি তৈরি হতে পারে। 
তাই রিজার্ভের পরিমাণ বাড়ানোর পাশাপাশি এর গুণগত স্থায়িত্ব নিশ্চিত করা প্রয়োজন। বৈদেশিক ঋণ, আমদানি ব্যয়, রফতানি আয়, প্রবাসী আয় এবং ঋণ পরিশোধের দায়- সব কিছু বিবেচনায় নিয়ে প্রকৃত বৈদেশিক সক্ষমতা মূল্যায়ন করতে হবে। শুধু ডলার সরবরাহ বাড়িয়ে কিংবা আমদানি নিয়ন্ত্রণ করে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়। 
বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে আমদানি নিয়ন্ত্রণের কৌশল অতীতে কিছুটা কার্যকর হলেও দীর্ঘ সময় এ ব্যবস্থা অব্যাহত রাখলে শিল্প ও উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি, জ্বালানি ও মধ্যবর্তী পণ্য আমদানিতে প্রতিবন্ধকতা তৈরি হলে উৎপাদন ব্যয় বাড়ে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হয়। 
এ ক্ষেত্রে বিলাসপণ্য ও অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদনশীল আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সরবরাহ নিশ্চিত করতে হবে। আমদানি ব্যবস্থাপনায় নির্বিচার সংকোচনের পরিবর্তে পণ্যভিত্তিক অগ্রাধিকার নির্ধারণ জরুরি। 
ব্যাংকিং খাতের দুর্বলতা সবচেয়ে বড় অভ্যন্তরীণ ঝুঁকি 
অর্থনীতির দ্বিতীয় বড় সঙ্কট ব্যাংকিং খাতে। খেলাপি ঋণের উচ্চ হার, দুর্বল ব্যাংকের মূলধন ঘাটতি, সুশাসনের অভাব এবং ঋণ আদায়ে অকার্যকারিতা আর্থিক খাতের স্বাভাবিক ঋণপ্রবাহকে বাধাগ্রস্ত করছে। 
ব্যাংকের সম্পদের প্রকৃত মান নির্ধারণ, দুর্বল ব্যাংকের পুনর্গঠন, অনিয়মের সাথে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করা এবং ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন জরুরি। শুধু তারল্য সরবরাহ কিংবা নীতিসুদ কমানোর মাধ্যমে এই সঙ্কটের সমাধান হবে না। কারণ ব্যাংকের অর্থায়ন সক্ষমতা নির্ভর করে আমানতকারীর আস্থা, সম্পদের গুণগত মান এবং ঋণগ্রহীতার ঋণ পরিশোধের সক্ষমতার ওপর। 
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে শিল্পের মেয়াদি ঋণের স্থিতি বেড়ে প্রায় চার লাখ ৫১ হাজার ৪২৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি প্রায় ১৭ দশমিক ৩০ শতাংশ।
তবে ঋণের স্থিতি বৃদ্ধি মানেই নতুন শিল্প বিনিয়োগ একই হারে বেড়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। পুরোনো ঋণের পুনঃতফসিল, সুদ যুক্ত হওয়া এবং ঋণের মেয়াদ বৃদ্ধির কারণেও ঋণের স্থিতি বাড়তে পারে। নতুন প্রকল্পে ঋণ বিতরণ, শিল্প সক্ষমতা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির তথ্য বিশ্লেষণ করেই প্রকৃত বিনিয়োগ পরিস্থিতি নির্ধারণ করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রেও অর্থায়নের ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। এ খাত কর্মসংস্থান, স্থানীয় উৎপাদন ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম ভিত্তি। অথচ ঋণের উচ্চ ব্যয়, জামানতসংক্রান্ত জটিলতা এবং ব্যাংকের ঝুঁকি এড়ানোর প্রবণতা ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন সীমিত করতে পারে। 
কৃষি ও পল্লী ঋণ বিতরণে জুলাই-সেপ্টেম্বর ঋণ২৭ সময়ে ১০ হাজার ৮৩৬ কোটি ৯৭ লাখ টাকার তথ্য উল্লেখ করা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ২৭ দশমিক ৬৫ শতাংশ। এই প্রবৃদ্ধি ইতিবাচক হলেও ঋণ বিতরণের পাশাপাশি আদায়, উৎপাদনশীল ব্যবহার এবং কৃষকের প্রকৃত অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও মূল্যায়ন করতে হবে।
রাজস্ব ঘাটতি বাড়াচ্ছে সরকারি ঋণনির্ভরতা
অর্থনীতির আরেকটি বড় দুর্বলতা রাজস্ব আহরণের সীমিত সক্ষমতা। ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের কর আহরণ ছিল তিন লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা। প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ২৩ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে প্রায় চার লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ০৩ শতাংশ।
রাজস্ব আহরণে এই উন্নতি সত্ত্বেও সরকারের ব্যয় ও উন্নয়ন চাহিদার তুলনায় রাজস্বের পর্যাপ্ততা একটি বড় প্রশ্ন। করজাল সম্প্রসারণ, কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি প্রতিরোধ এবং প্রত্যক্ষ করের আওতা বাড়ানো ছাড়া এই দুর্বলতা কাটানো কঠিন। 
রাজস্ব আহরণ পর্যাপ্ত না হলে সরকারকে অভ্যন্তরীণ ব্যাংকঋণ অথবা বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভর করতে হয়। ব্যাংকঋণনির্ভর বাজেট অর্থায়ন দীর্ঘায়িত হলে বেসরকারি খাতের জন্য ঋণপ্রাপ্তির সুযোগ সঙ্কুচিত হতে পারে। একই সাথে সুদ পরিশোধের ব্যয় বাড়লে ভবিষ্যৎ বাজেটের ওপর চাপ তৈরি হবে। 
জাতীয় সঞ্চয়পত্রের নিট বিক্রি ৪৩৬ কোটি ছয় লাখ টাকা এবং মোট স্থিতি তিন লাখ ৩৪ হাজার কোটি টাকার বেশি বলে উল্লেখ করা হয়েছে। সঞ্চয়পত্র সরকারের অর্থায়নের একটি উৎস হলেও সামগ্রিক অর্থায়ন চাহিদার তুলনায় এর ভূমিকা সীমিত। ফলে রাজস্ব সংস্কার ও সরকারি ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণের বিকল্প নেই। 
সরকারি ঋণ বাড়ছে, বেসরকারি ঋণপ্রবাহ দুর্বল 
অর্থনীতির জন্য বিশেষ উদ্বেগের বিষয় হলো সরকারি ঋণের প্রবৃদ্ধি ৩৬ শতাংশ ছাড়িয়ে যাওয়ার বিপরীতে বেসরকারি খাতের ঋণপ্রবৃদ্ধি ৪ শতাংশের কাছাকাছি থাকা। এই ব্যবধান অর্থনীতির উৎপাদনশীল অংশে অর্থায়নের দুর্বলতার ইঙ্গিত দেয়। 
সরকারি ঋণ বাড়লে তা অবকাঠামো, সামাজিক সুরক্ষা কিংবা জরুরি ব্যয়ে ব্যবহৃত হতে পারে। কিন্তু ঋণের অর্থের উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত না হলে ভবিষ্যতে সুদ ও আসল পরিশোধের চাপ বাড়বে। অন্যদিকে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কম থাকলে নতুন শিল্প, কর্মসংস্থান ও উৎপাদন সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে। 
এখানে শুধু ঋণের প্রবৃদ্ধির হার নয়, সরকারি ও বেসরকারি ঋণের মোট স্থিতি, জিডিপির অনুপাতে ঋণের পরিমাণ, সুদ পরিশোধের সক্ষমতা এবং ঋণের ব্যবহারও বিবেচনায় নিতে হবে। 
পুঁজিবাজারে আস্থার সঙ্কট 
আর্থিক খাতের দুর্বলতার আরেকটি প্রতিফলন পুঁজিবাজারে দেখা যাচ্ছে। ১২ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স জুনের তুলনায় ৫ দশমিক ৫২ শতাংশ কম ছিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামগ্রিক সূচকও একই সময়ে নিম্নমুখী ছিল। 
পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য তালিকাভুক্ত কোম্পানির আর্থিক স্বচ্ছতা, সুশাসন, ধারাবাহিক মুনাফা এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা প্রয়োজন। ব্যাংকঋণের বিকল্প হিসেবে পুঁজিবাজারকে গড়ে তুলতে হলে বাজার কারসাজি, দুর্বল কোম্পানির তালিকাভুক্তি এবং আর্থিক প্রতিবেদন প্রকাশের অনিয়ম দূর করতে হবে। 
শক্তিশালী পুঁজিবাজার শিল্প ও অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ তৈরি করতে পারে। কিন্তু বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে না আনলে এই সম্ভাবনা বাস্তবায়িত হবে না। 
পুনরুদ্ধারে প্রয়োজন সমন্বিত অর্থনৈতিক কৌশল 
বাংলাদেশের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো বৈদেশিক মুদ্রার স্বল্পমেয়াদি স্থিতিশীলতাকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতায় রূপান্তর করা। এর জন্য রেমিট্যান্স ও রিজার্ভের ইতিবাচক অগ্রগতিকে উৎপাদন, রফতানি, কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধির সাথে যুক্ত করতে হবে। 
একই সাথে ব্যাংকিং খাতে সম্পদের প্রকৃত মান নির্ধারণ, দুর্বল ব্যাংকের পুনর্গঠন, ঋণ আদায় জোরদার, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা প্রয়োজন। বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নয়নে জ্বালানি সরবরাহের নিশ্চয়তা, নীতির ধারাবাহিকতা, ঋণের ব্যয় হ্রাস, প্রশাসনিক জটিলতা কমানো এবং ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থনীতির বিভিন্ন খাতকে বিচ্ছিন্নভাবে বিবেচনা না করে সমন্বিত নীতির আওতায় আনা। রিজার্ভ বাড়লেও বিনিয়োগ না বাড়লে, ব্যাংকে তারল্য থাকলেও ঋণ বিতরণ না হলে এবং রাজস্ব বাড়লেও সরকারি ঋণনির্ভরতা না কমলে অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই হবে না। 
বাংলাদেশের অর্থনীতির সামনে তাই প্রশ্নটি শুধু কত ডলার রিজার্ভ আছে কিংবা কত টাকা রেমিট্যান্স এসেছে, তা নয়; বরং এই সম্পদ ও অর্থপ্রবাহ কতটা নতুন উৎপাদন, কর্মসংস্থান, রফতানি আয় এবং বিনিয়োগ তৈরি করতে পারছে- সেটিই হবে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রকৃত মানদণ্ড।