
হামিদুল ইসলাম সরকার, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে ফিরে
জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের মানুষ শুধু ভিটেমাটি নয়, পেশাও বদলাতে বাধ্য হচ্ছেন। যে মানুষ একসময় সুন্দরবনে মাছ ধরতেন, মধু সংগ্রহ করতেন কিংবা কৃষিকাজ করে সংসার চালাতেন, তাদের অনেকেই এখন জীবিকার সন্ধানে ছুটছেন শহরে। কেউ রিকশা চালাচ্ছেন, কেউ যুক্ত হচ্ছেন ইটভাটা বা অন্যান্য অনানুষ্ঠানিক পেশায়। আর তাদের অনুপস্থিতিতে গ্রামে থেকে যাওয়া নারীদের কাঁধে বাড়ছে সংসার ও পরিবারের দায়িত্ব। এর ফলে তারা সন্তান প্রসব, জরায়ুসংক্রান্ত জটিলতা ও চর্মরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। উপকূল নিয়ে কাজকরা বিশ্লেষকরা বলছেন, সাধারণত এলাকা ছেড়ে চলে যাওয়াকেই মাইগ্রেশন বলা হয়। কিন্তু উপকূলে মানুষ এখন পেশাগত মাইগ্রেশনের মুখে পড়ছেন। সুন্দরবনসংলগ্ন গাবুরা, মুন্সীগঞ্জ ও বুড়িগোয়ালিনীর জেলে ও মধু সংগ্রহকারীদের (বাওয়ালি) জীবিকা এখন মারাত্মক হুমকিতে। প্রাকৃতিক দুর্যোগ আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। ফলে অনেকেই ঢাকায় এসে রিকশা চালাচ্ছেন কিংবা অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রম দিচ্ছেন। আর অর্থনীতিবিদরা বলছেন, উপকূলে কাজহারা এই মানুষগুলোকে তাদের সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি।
উপকূলীয় এলাকায় কাজ করা উন্নয়ন সংস্থার মাঠপর্যায়ের পর্যবেক্ষণে দেখা গেছে, জীবিকার এই পরিবর্তনের সবচেয়ে বড় চাপ পড়ছে নারীদের ওপর। পরিবারের পুরুষ সদস্য কাজের জন্য অন্য জেলা বা শহরে চলে গেলে গ্রামে থাকা নারীদেরই সামলাতে হচ্ছে সন্তান, সংসার ও দৈনন্দিন জীবন। তাদের নিজেদের স্বাস্থ্যঝুঁকি ও অর্থনৈতিক অনিশ্চয়তাও বাড়ছে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের পর্যবেক্ষণ, উপকূলের মানুষের এই স্থানান্তরকে শুধু অভিবাসন হিসেবে দেখলে বাস্তব চিত্র বোঝা যাবে না। কারণ তারা অনেক ক্ষেত্রে বসতভিটা ছেড়ে স্থায়ীভাবে চলে যাচ্ছেন না; বরং পেশা বদলাচ্ছেন। গ্রামের সাথে সম্পর্ক রেখে কাজের সন্ধানে শহরে যাচ্ছেন। ঢাকার বিভিন্ন এলাকায় অনানুষ্ঠানিক খাতে কাজ করা মানুষের মধ্যেও উপকূলীয় অঞ্চলের অনেক বাসিন্দাকে পাওয়া যাচ্ছে।
জলবায়ু অভিবাসনের নতুন বাস্তবতা : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালীর উপকূলীয় জনপদ দীর্ঘদিন ধরেই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, জলাবদ্ধতা এবং লবণাক্ততার সাথে লড়াই করছে। এসব দুর্যোগে ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পরিবার স্থায়ী কিংবা অস্থায়ীভাবে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ২০২৬ সালের এশিয়া-প্যাসিফিক ক্লাইমেট রিপোর্ট অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৭.৫ শতাংশ অভ্যন্তরীণ অভিবাসী হয়ে পড়তে পারেন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, পানির সঙ্কট এবং কৃষি উৎপাদনশীলতা কমে যাওয়া এই স্থানান্তরের প্রধান চালক। বলা হয়েছে, বাংলাদেশের উপকূলীয় বদ্বীপের কিছু অংশ বছরে চার থেকে ৫৫ মিলিমিটার পর্যন্ত নিচে নেমে যাচ্ছে। ভূমির এই অবনমন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে মিলিত হয়ে উপকূলীয় প্লাবনের ঝুঁকি বাড়াচ্ছে। উচ্চ নিঃসরণ পরিস্থিতিতে ২১০০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় এক কোটি ৭৪ লাখ মানুষ প্রতি বছর উপকূলীয় প্লাবনের মুখে পড়তে পারেন। এমন পরিস্থিতিতে জীবিকা হারিয়ে পরিবারের পুরুষ সদস্যদের শহরমুখী হওয়ার প্রবণতা বাড়ছে। তবে অভিবাসন সবসময় স্থায়ী নয়। অনেকে মৌসুমি কাজের জন্য শহরে গিয়ে কয়েক মাস পর গ্রামে ফিরে আসেন। আবার কেউ দীর্ঘদিন শহরে থেকে পরিবারের জন্য টাকা পাঠান। তবে জলবায়ুজনিত সঙ্কট ও জীবিকার ক্ষতির সাথে মানুষের স্থানান্তরের সম্পর্ক স্পষ্ট করে।
প্রকল্প আছে, পৌঁছায় না দুর্গম জনপদে : উপকূলে সরকারি-বেসরকারি নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও সেগুলোর সুফল সব এলাকায় সমানভাবে পৌঁছাচ্ছে না। বিশেষ করে দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে অনেক ঝুঁকিপূর্ণ জনপদ উন্নয়ন কার্যক্রমের বাইরে থেকে যাচ্ছে। শ্যামনগরের ট্যাংরাখালি, গোলাখালি ও আশপাশের কয়েকটি এলাকায় যোগাযোগের অবস্থা অত্যন্ত নাজুক। কোথাও দীর্ঘ সময় নৌপথে চলাচল করতে হয়, কোথাও ভাঙাচোরা রাস্তার কারণে মোটরসাইকেল নিয়েও যাওয়া কঠিন। ফলে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর অনেক কার্যক্রম তুলনামূলক সহজে যাওয়া যায়, এমন এলাকায় কেন্দ্রীভূত হচ্ছে বলে জানালেন আন্তর্জাতিক সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে। একটি উন্নয়ন প্রকল্পের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে এই কর্মকর্তা বলেন, অনেক প্রতিষ্ঠান দুর্গম এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলেও নিয়মিত কাজ নিয়ে সেখানে পৌঁছায় না। ফলে যেসব জনগোষ্ঠীর সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তারাই অনেক সময় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়। তার মতে, প্রকল্পের সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়। কোন এলাকায় কতটা প্রয়োজন, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং কোথায় বাস্তবায়নের ঘাটতি রয়েছে- সেসব বিবেচনায় নিয়ে উদ্যোগ নিতে হবে।
দুর্গম যোগাযোগ ও প্রান্তিক মানুষের বঞ্চনা : উপকূলীয় এলাকার বিস্তীর্ণ জনপদে এখনো পাকা সড়ক বা উন্নত যাতায়াত ব্যবস্থার অভাব রয়েছে। বছরের প্রায় ছয় মাস নৌপথের ওপর নির্ভর করতে হয়। এই যোগাযোগ বিচ্ছিন্নতা এবং ভৌগোলিক দূরত্বের কারণে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর বড় একটি অংশের কাজ কেবল শহরের কাছাকাছি বা সহজে যাতায়াতযোগ্য এলাকায় সীমাবদ্ধ থাকে। ফলে যেসব এলাকায় প্রকৃত অর্থে সহযোগিতা বেশি প্রয়োজন, সেই দুর্গম গ্রামগুলোর প্রান্তিক মানুষেরা প্রায়ই সহায়তা থেকে বঞ্চিত হন।
মডেল গড়ছে ‘প্রগতি’ : অমিত রঞ্জন দে নয়া দিগন্তকে জানান, পিকেএসএফের সহযোগিতায় ‘প্রগতি’ প্রকল্পের আওতায় রমজান নগরে কৃষিভিত্তিক একটি মডেল দাঁড় করানোর চেষ্টা চলছে। ২০২৫ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটি ২০২৭ সালের জুনে শেষ হবে। প্রকল্পের আওতায় নারীদের প্রায় ২১ ধরনের ফসল ও সবজির সাথে পরিচয় করানো হয়েছিল। এর মধ্যে ১৬ ধরনের সবজি তারা এখন উৎপাদন করছেন। এক কেজি ধান উৎপাদনে যে পানি লাগে, এক কেজি সবজিতে তার চেয়ে অনেক কম লাগে। হাতে-কলমে দেখিয়ে এই বিষয়টি নারীদের বোঝানো সম্ভব হয়েছে। রমজান নগরে স্থাপিত ‘প্রগতি হাব সেন্টারে’ কমিউনিটির মানুষ বীজ সংরক্ষণ করেন এবং পাঠচক্রের আদলে রিসোর্স পারসনদের সাথে নিয়মিত আলোচনায় বসেন। তিনি জানান, ধানের নতুন লবণসহিষ্ণু জাত উদ্ভাবিত হলেও তা অনেক কৃষকের অজানা। কোথায় গেলে বীজ পাওয়া যাবে, সে সংযোগও তাদের নেই। এ জায়গায় কৃষি বিভাগকে আরো সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি।
‘দুর্যোগের পরে ৭ টাকা’ বনাম ‘আগে ১ টাকা’র গুরুত্ব
দুর্যোগ-পরবর্তী সময়ে ত্রাণের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় না করে দুর্যোগের আগেই প্রস্তুতি নেয়ার ওপর জোর দেয়া হচ্ছে। অমিত রঞ্জন গবেষণার তথ্য তুলে ধরে বলেন, দুর্যোগের পরে কোনো ক্ষতিগ্রস্ত মানুষের পেছনে সাত টাকা খরচ করার চেয়ে, দুর্যোগের আগে মাত্র এক টাকা খরচ করে তাকে আগাম সুরক্ষা দেয়া অনেক বেশি কার্যকর। যেমন- ঝড়ের আগেই দুর্বল ঘরবাড়ির ছাউনি মেরামত বা আংশিক সহায়তার মাধ্যমে একটি পরিবারকে সর্বস্বান্ত হওয়া থেকে রক্ষা করা সম্ভব। এই ধরনের ‘এল্টিসিপেটরি অ্যাকশন’ বা পূর্বাভাসভিত্তিক আগাম প্রস্তুতি বাস্তবায়িত হলে উপকূলীয় মানুষের মাঝে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুলাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
নীতিগত তাগিদ ও আন্তর্জাতিক দায়বদ্ধতা : জলবায়ু পরিবর্তনের জন্য যেসব শিল্পোন্নত দেশ ও কার্বন নিঃসরণকারী রাষ্ট্র প্রধানত দায়ী তাদের কাছ থেকে ন্যায্য ক্ষতিপূরণ আদায় করার প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। পাশাপাশি, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে মাঠপর্যায়ে কাজের তদারকি জোরদার করা, সুনির্দিষ্ট মনিটরিং কমিটি গঠন এবং স্থানীয় জনগোষ্ঠীর দায়বদ্ধতা নিশ্চিত করার মাধ্যমে উপকূলীয় জনপদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
সহায়তা নয়, দরকার টেকসই ব্যবস্থা : উপকূলের উন্নয়ন কার্যক্রমে আরেকটি সমস্যা হলো প্রকল্প শেষ হওয়ার পর স্থাপনা ও সেবার রক্ষণাবেক্ষণ নিশ্চিত না করা উল্লেখ করে অ্যাকশন এইডের অমিত রঞ্জন দে নয়া দিগন্তকে বলেন, কোনো অবকাঠামো তৈরি করে দায়িত্ব শেষ করলেই তার সুফল দীর্ঘস্থায়ী হয় না। স্থানীয় ব্যবস্থাপনা ও জবাবদিহি না থাকলে প্রকল্পের স্থাপনাগুলো অল্প সময়ের মধ্যেই অকার্যকর হয়ে পড়তে পারে। তার মতে, উপকূলে যেকোনো প্রকল্প বাস্তবায়নের আগে স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের দায়িত্বশীল অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।
যা বলছেন অর্থনীতিবিদ : বিশ^ব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের সাথে কথা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, কিছু টার্গেটেড ইন্টারভেনশন ছাড়া তো আমি কোনো বিকল্প দেখি না। কারণ ওরা যেটা করত সেটা তো আর সম্ভব হবে না। কন্ট্রোলের বাইরে এখানে। এদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে তাদের তো যে স্কিলটা আছে ওটা তো আর কাজে লাগছে না। এখানে নরমালি যেটা হয় যে রিট্রেনিংয়ের প্রোগ্রাম করা হয়। ওই সময়ে তাদের একটা ভাতা দেয়া হয়। তিনি বলেন, ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশনের অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি তো থাকার কথা। না থাকলে করা উচিত। ট্রেনিংয়ের ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। মানে যেই ট্রেনিংটা আপনি দিতে চাচ্ছেন সেটা বোঝার জন্য সক্ষমতা থাকতে হবে। বিশেষ করে তাদের জন্য আলাদা কোনো ট্রেনিং পরিকল্পনা করা। যা দিয়ে তাদের কর্ম দেয়া সম্ভব হয়। বেকারত্বটা কাটানো যায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









