
নড়াইল প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকেও তাদের সেই তৃষ্ণা আরো তীব্র হয়েছে। তারা (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ থেকে পালিয়ে যাবার পরও তাদের রক্তের তৃষ্ণা আরো তীব্র, আরো গভীর হয়েছে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিক, ফাইয়াজ, আবরারসহ ছোট ছোট বাচ্চাদের অকাতরে গুলি করে মতার সিংহাসন টিকিয়ে রাখতে চেয়েছিল। ছাত্র জনতার প্রবল প্রতিরোধের কাছে পালিয়ে যাওয়ার পরেও পাশের দেশ থেকে অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কালিয়ার বিএনপি নেতা সোহেল রানা ও শাহিন মোল্যা। এই লাশ আমরা কোথায় রাখব? তাদের মায়ের কাছে, স্ত্রীর কাছে কী জবাব দিব?
শুক্রবার দুপুরে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিন মোল্যার পরিবারের সাথে সাক্ষাত এবং কবর জিয়ারত শেষে গণমাধ্যম ও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য বিএনপি লড়াই করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। শাহিন ও সোহেল রানা হত্যাকাণ্ড সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ওরা গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। ওদের মর্যাদা হচ্ছে শহীদের মর্যাদা। তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই ও মাগফিরাত কামনা করছি। এদের হত্যাকাণ্ডের বিচার হবে। বিচারের অধিকার কেউ কাড়তে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, শাহিন ও সোহেল হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত মামলা দায়ের হয়নি। ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে।
তরিকুল ইসলামের স্মরণ সভায় রিজভী
যশোর অফিস জানায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে পার্শ্ববর্তী দেশে পালিয়ে থাকা এক নেতা বাংলাদেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অপচেষ্টা চালাচ্ছেন। দেশের ভেতরে পালিয়ে থাকা গণতন্ত্রবিরোধী শক্তি ও তার দোসররা এখনো সক্রিয় রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, দেশত্যাগ করা ওই ব্যক্তি বিদেশে বসে মদদ ও অর্থ দিয়ে দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছেন। সন্ত্রাসীদের দিয়ে গাড়িতে আগুন দেয়া, বিএনপি নেতা ও মন্ত্রীদের বাড়িতে পেট্রোল ঢালা এবং গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ব্যক্তিদের ওপর হামলার ঘটনা ঘটাচ্ছেন। লন্ডনে নাহিদের ওপর হামলা এবং এবি পার্টির মঞ্জুর গাড়ি পোড়ানোর প্রসঙ্গ তুলে তিনি এসব ঘটনার পেছনে পার্শ্ববর্তী দেশের মদদ রয়েছে বলে অভিযোগ করেন।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









