ঢাকা উত্তরে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের
আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত।
ads

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে নাগরিক সমাবেশ আয়োজনসহ ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রতিদিন একটি করে ওয়ার্ডে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। 
তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে মহানগরী উত্তর আরো ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। সবমিলিয়ে ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রতিটি ওয়ার্ডে নাগরিক সমাবেশের পাশাপাশি মিছিল, সভা ও গণসংযোগ করা হবে। এতে দল-মত, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হবে।
তিনি বলেন, জামায়াতের শ্রমিক, পেশাজীবী ও মহিলা সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেবেন। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় রেখে ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি নিরাপদ রাষ্ট্র, আইনের শাসন, ন্যায়বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। 
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পাঁচ দফা পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। দাবিগুলো হলো- প্রতিটি সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করা; অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা; পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা; চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া এবং জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।