
ইসরাইলের গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধী শিবিরের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আল-জাজিরা।
প্রতিবেদনে উঠে এসেছে, তিনি প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
প্রতিবেদনে বলা হয়, বিরোধী নেতা গাদি আইজেনকট ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা করলে নেতানিয়াহু আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্যোগ নেন। এদিকে, তার ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন গোয়েন্দা সংস্থা শিন বেত বিদেশী হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চাইলে অ্যাটর্নি জেনারেল তা প্রত্যাখ্যান করেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ ও ইউসেফ জাবারিন এ পদক্ষেপকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করেছেন। পাশাপাশি নির্বাচনের আগের রাতে ভোট কেনাবেচার ভুয়া তথ্য পুলিশকে দেয়ার পেছনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লন্ডনের কিংস কলেজের বিশ্লেষক আহরন ব্রেগম্যান এবং চ্যাথাম হাউসের ফেলো ইয়োসি মেকেলবার্গের মতে, প্রধানমন্ত্রিত্ব হারালে ২০১৯ সাল থেকে চলমান তিনটি দুর্নীতির মামলায় কারাদণ্ড এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ব্যর্থতা নিয়ে রাষ্ট্রীয় তদন্ত কমিশনের মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকায় নেতানিয়াহু যেকোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে রাখতে চাইছেন।
অন্যদিকে, আরব দলগুলোর সাথে সরকার গঠন না করতে ডানপন্থী বিক্ষোভকারীরা গাদি আইজেনকটের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন। পাশাপাশি এক ধর্মীয় নেতার চিঠিতে বিতর্কিত ধর্মীয় বিধানের উল্লেখ এবং ডানপন্থীদের হুমকির কারণে ইসরাইলে রাজনৈতিক সহিংসতা ও গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন বামপন্থী সংসদ সদস্য ওফের কাসিফ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









