গ্লোবাল মিডিয়া ফোরামের যাত্রা শুরু
ads


বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইংরেজি ও বাংলাভাষী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং শিল্প-সংস্কৃতির নানা অঙ্গনের সৃজনশীল মানুষদের এক ছাতার নিচে নিয়ে আসার সুদূরপ্রসারী প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’। 
বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব রাজু আলীমকে সভাপতি এবং জার্মানপ্রবাসী সাংবাদিক ফাতেমা রহমান রুমাকে সাধারণ সম্পাদক মনোনীত করে সংগঠনটির ২১ সদস্যবিশিষ্ট প্রাথমিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 
প্রাথমিক এই কাঠামোর মধ্য দিয়ে কার্যক্রম শুরু হলেও শিগগিরই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ১০০ জন প্রতিষ্ঠিত ও সক্রিয় পেশাজীবীকে যুক্ত করে এটিকে একটি সুসংহত বৈশ্বিক নেটওয়ার্কে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 
আন্তর্জাতিক পরিমণ্ডলে গণমাধ্যম, সংস্কৃতি ও অর্থনীতির মধ্যে একটি কার্যকর যোগসূত্র তৈরি করে মেধা, অভিজ্ঞতা ও আধুনিক দক্ষতার বৈশ্বিক আদান-প্রদান নিশ্চিত করাই এই ফোরামের অন্যতম প্রধান লক্ষ্য। ইউরোপ, আমেরিকা ও এশিয়াসহ বিশ্বের নানা প্রান্তে প্রতিকূলতা জয় করে প্রতিষ্ঠিত হওয়া প্রবাসী বাংলাদেশীদের জীবনসংগ্রাম, সামাজিক অবদান এবং গৌরবময় সাফল্যের গল্পগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যথাযথ মর্যাদায় তুলে ধরবে এই সংগঠন। বিজ্ঞপ্তি