
রাজশাহী ব্যুরো
রাজশাহী সীমান্তে মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের প্রথম ১০ মাসে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা মূল্যের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। এসব ঘটনায় আটক করা হয়েছে ১৭ জনকে।
জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে পিস্তল, গুলি, হেরোইন, ট্যাপেন্টাডল, ইয়াবা, ফেনসিডিল, বিদেশী মদ, কষ্টিপাথরের মূর্তি ও ভারতীয় গরু।
সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে প্রচলিত টহল এবং বিশেষ অভিযানের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বিজিবি। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সব বিওপিতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। পদ্মা নদীতীরবর্তী বিওপিগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি স্পিডবোট ও কাঠের নৌকা দিয়ে নদীপথে টহল দেয়া হচ্ছে। দুর্গম সীমান্তবর্তী বিওপিগুলোতে সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকায়নের ব্যবস্থাও করা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ মাসে পরিচালিত অভিযানে পাঁচটি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৯০০ গ্রাম হেরোইন, ৬৩ হাজার ২৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচ হাজার ৮৪০টি ইয়াবা ও এক হাজার ১৬১ বোতল ফেনসিডিল।
জব্দ করা অন্যান্য মাদকের মধ্যে রয়েছে সাত হাজার ৮৫৫ বোতল ও ৭৯ লিটার বিদেশী মদ, ১৯ লিটার দেশী মদ এবং ২ দশমিক ৪৩ কেজি গাঁজা। এ ছাড়া বিভিন্ন ধরনের আট হাজার ৪৮৭ বোতল সিরাপ এবং বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট জব্দ করা হয়েছে। অন্যান্য চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে ১৭৭ দশমিক ৭ কেজি ওজনের সাতটি কষ্টিপাথরের মূর্তি, মূর্তির ৫০ কেজি অংশবিশেষ এবং চারটি ভারতীয় গরু।
উত্তর-পশ্চিমাঞ্চলের মোট এক হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্তের মধ্যে রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৭৬ দশমিক ৬৫ কিলোমিটার। এ সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা টহল, বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ তল্লাশিচৌকি পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় টহলের সময়, স্থান ও ধরন পরিবর্তন করে নজরদারি চালানো হচ্ছে।
প্রযুক্তিনির্ভর নজরদারি আরো জোরদার করতে ভবিষ্যতে থার্মাল ইমেজিংসহ আধুনিক ডিজিটাল সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা রয়েছে বিজিবির।
সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারির পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের সহযোগিতায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম চলছে। জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের মাধ্যমেও নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জেলা কোর কমিটির পাশাপাশি দায়িত্বপূর্ণ সীমান্তসংলগ্ন চারটি উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে নিয়মিত সচেতনতামূলক সভাও আয়োজন করা হচ্ছে।
সীমান্তের দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও কাজ করছে রাজশাহী ব্যাটালিয়ন। নির্বাচনকালীন নিরাপত্তা, দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানে নিরাপত্তা প্রদান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধ এবং সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
আকস্মিক ও উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়নের সদর দফতরে তিনটি প্লাটুন এবং ১৬টি বিওপিতে একটি করে সেকশন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পলায়ন, মানব পাচার এবং মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থাও নেয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, মহাপরিচালকের ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’- এই লক্ষ্য বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন কাজ করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি, নিয়মিত অভিযান এবং স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









