
কুমিল্লা প্রতিনিধি
হার্ট অ্যাটাকের রোগীর ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের রোগীর সময় মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে জীবন রক্ষা করা সম্ভব। আধুনিক চিকিৎসাব্যবস্থায় উপযুক্ত রোগীর ক্ষেত্রে দ্রুত প্রাইমারি পিসিআই (পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন) সম্পন্ন করা জরুরি। এ ক্ষেত্রে কুমিল্লা মডার্ন হসপিটালের আধুনিক ক্যাথল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা।
শুক্রবার দুপুরে কুমিল্লা মডার্ন হসপিটালে সফলভাবে এক হাজার হৃদরোগীর হার্টে রিং (করোনারি স্টেন্ট) স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
চিকিৎসকরা বলেন, মাত্র দুই বছরে এক হাজারের বেশি হৃদরোগীর সফলভাবে হার্টে রিং স্থাপন শুধু একটি চিকিৎসাসংক্রান্ত পরিসংখ্যান নয়; বরং কুমিল্লা ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য উন্নত হৃদরোগ চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। স্থানীয় পর্যায়ে আধুনিক ক্যাথল্যাব সুবিধা চালু হওয়ায় হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী স্থানে যাওয়ার প্রয়োজনীয়তা কমেছে। অনুষ্ঠানে দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, ডা. খন্দকার আসাদুজ্জামান ও অধ্যাপক ডা. মোহাম্মদ উল্লাহ ফিরোজ তাদের চিকিৎসা অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।
কুমিল্লা মডার্ন হসপিটালের চেয়ারম্যান ডা. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম, ডা. এস. চক্রবর্তী ও অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাহরিয়ার।
মডার্ন কার্ডিয়াক সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট ডা: এস. চক্রবর্তী জানান, ২০২৪ সালে কুমিল্লা মডার্ন হসপিটালে আধুনিক ক্যাথল্যাব চালু করা হয়। এর পর থেকে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের মাধ্যমে হার্টে রিং স্থাপন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং অস্থায়ী ও স্থায়ী পেসমেকার স্থাপনের মতো উন্নত চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান বলেন, হৃদরোগীদের আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা মডার্ন হসপিটাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে এক হাজার হৃদরোগীর হার্টে রিং স্থাপনের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান। অনুষ্ঠানে হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত স্বাস্থ্যবিষয়ক বুলেটিন ‘হার্টবিট’-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে কেক কেটে এ সাফল্য উদযাপন এবং দেশের চারজন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









