
- আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর চিকিৎসা নিয়ে উদ্বেগ
- খাবার ও অতিরিক্ত ব্যয় নিয়ে বিপাকে অনেকে
বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেন্টমার্টিন দ্বীপ। বৈরী আবহাওয়ার কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় দেশী-বিদেশী পর্যটকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দ্বীপে আটকা পড়েছেন। নির্ধারিত সময়ে ফিরতে না পারা, খাবারের অর্থ ফুরিয়ে আসা, চিকিৎসাসেবার অনিশ্চয়তা এবং অতিরিক্ত অবস্থানের ব্যয়- সবমিলিয়ে তাদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৯৬ শিক্ষক-শিক্ষার্থী। তাদের মধ্যে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। শুক্রবার পাওয়া তথ্য অনুযায়ী, আটকে পড়াদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৬৫ জন এবং জাবিপ্রবির সমাজকর্ম বিভাগের ৩১ জন রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দলটির বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফেরার কথা ছিল। অন্য দিকে জাবিপ্রবির ২৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক গত ১৭ নভেম্বর শিক্ষা সফরে সেন্টমার্টিনে যান। তাদেরও বৃহস্পতিবার ফেরার কথা ছিল। কিন্তু সাগর উত্তাল হয়ে ওঠায় জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে দুই দলই আটকা পড়ে।
আটকে পড়া জাবিপ্রবির শিক্ষার্থী মোজাহিদ সিফাত মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তার হাঁটুর প্যাটেলা বা সামনের হাড় স্থানচ্যুত হওয়ার পাশাপাশি পা ভেঙেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সেন্টমার্টিন হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও উন্নত চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ কারণে তাকে টেকনাফে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীকে পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে এ ধরনের আঘাতের উন্নত চিকিৎসার পর্যাপ্ত সুযোগ-সুবিধা হাসপাতালে নেই। কোস্টগার্ডের পক্ষ থেকে তাকে টেকনাফে নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হলেও উত্তাল সাগরের কারণে স্থানান্তর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ দিকে দীর্ঘ সময় দ্বীপে আটকে থাকায় জাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের বরাদ্দ প্রায় শেষ। বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ জানান, বৃহস্পতিবার ফেরার টিকিট কাটা ছিল। কিন্তু জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্তে তারা বিপাকে পড়েছেন। শিক্ষার্থী আমান উল্লাহ জানান, নির্ধারিত সময়ের বাইরে অবস্থান করার জন্য খাবার, টিকিট ও অন্যান্য খরচ নিয়ে তারা উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে থাকা-খাওয়াসহ জরুরি ব্যয় নির্বাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে শিক্ষক-শিক্ষার্থীরা দ্বীপে আটকা পড়েছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্য নিয়মিত খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: ফরিদুল ইসলাম জানান, বিষয়টি জানার পর তিনি কক্সবাজার সার্কেলের পুলিশ সুপারের সাথে কথা বলেছেন। সাগরের ঢেউ কমে এলে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছে।
জাবিপ্রবির শিক্ষার্থীদের সামনে রয়েছে অ্যাকাডেমিক অনিশ্চয়তাও। আগামী ১ ডিসেম্বর থেকে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা। পাশাপাশি ফরম পূরণ ও ইন্টার্নশিপ কার্যক্রম চলমান। আটকে থাকার কারণে এসব কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছে সমাজকর্ম বিভাগ।
উল্লেখ্য, গত ১৭ ও ১৮ নভেম্বর চারটি জাহাজে পর্যটকেরা সেন্টমার্টিনে যান। পরে বৈরী আবহাওয়ার কারণে ১৯ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এতে দ্বীপে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন। সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দ্বীপে অবস্থানরত পর্যটকদের খোঁজখবর নেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের সহযোগিতা করছেন। হোটেল-মোটেল মালিকদেরও পর্যটকদের পাশে থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্য দিকে উত্তাল সাগরে ঝুঁকি নিয়ে স্পিডবোট বা ছোট নৌযানে দ্বীপ ছাড়ার চেষ্টা না করতে পর্যটকদের সতর্ক করেছে উপজেলা প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









