
গণমাধ্যম ব্যক্তিত্ব রাজু আলীমকে সভাপতি ও জার্মান প্রবাসী সাংবাদিক ফাতেমা রহমান রুমাকে সাধারণ সম্পাদক করে ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’ (জিএমএফ) যাত্রা শুরু করেছে। প্রাথমিকভাবে রাজু আলীম ও ফাতেমা রহমান রুমাসহ ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংস্কৃতি অঙ্গনের পেশাজীবীদের নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
জিএমএফ জানায়, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলা ও ইংরেজিভাষী সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সংস্কৃতি কর্মীদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা তাদের লক্ষ্য। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ১০০ জন পেশাজীবীকে এই প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সাংবাদিকদের পাশাপাশি অভিনয়শিল্পী, মডেল, উপস্থাপক, চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতা, কবি এবং প্রবাসী উদ্যোক্তারাও এ সংগঠনের সদস্য হতে পারবেন।
আন্তর্জাতিক পর্যায়ে গণমাধ্যম, সংস্কৃতি ও অর্থনীতির মধ্যে যোগাযোগ বাড়ানো এবং প্রবাসী বাংলাদেশীদের জীবনসংগ্রাম, সাফল্য ও সামাজিক অবদান বিশ্বমাধ্যমে তুলে ধরা ফোরামটির অন্যতম লক্ষ্য বলেও জানায় গ্লোবাল মিডিয়া ফোরাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









