বড়লেখায় প্রকাশ্যে টিলা কাটা
ads

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে মাত্র ৩০০-৪০০ মিটার দূরে এক্সকাভেটর দিয়ে টিলা কাটার অভিযোগ উঠেছে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে টিলা কাটায় ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছপালা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে বিষয়টি জানানোর পরও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
টিলা কাটার সাথে স্থানীয় সাইফুল ইসলাম খোকন ও তাজ উদ্দিন বলাইয়ের সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা টিলা কাটার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দুই নেতার বক্তব্য পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে, বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজের পূর্ব পাশে একটি টিলা এক্সকাভেটর দিয়ে কাটা হয়েছে। এতে টিলার বিভিন্ন প্রজাতির গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সুজানগর ইউনিয়নের ফয়সল আহমদ নামে এক প্রবাসীর মালিকানাধীন টিলাটি কাটতে ওই দুই বিএনপি নেতা চুক্তিবদ্ধ হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি ইউএনও ও সহকারী কমিশনারকে (ভূমি) জানানোর পর একজন কর্মচারী ঘটনাস্থলে গেলেও ততণে এক্সকাভেটর রেখে সংশ্লিষ্টরা সরে যান। রোববার বিকেলে ঘটনাস্থলে গিয়ে এক্সকাভেটর পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউএনও মাহবুব আলম মাহবুব বলেন, খবর পেয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। সেখানে এক্সকাভেটর পাওয়া গেলেও কাউকে পাওয়া যায়নি। বর্তমানে টিলা কাটার কাজ বন্ধ রয়েছে। আবারো কাজ শুরু হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।