
নয়া দিগন্ত ডেস্ক
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের উপকূল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্যন্ত এলাকায় বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাগেরহাটের দুবলারচরে বৃষ্টিতে ভিজে শুঁটকির জন্য সংরক্ষিত কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে। ঝালকাঠিতে শ্রমজীবী মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহনচালকদের আয়-রোজগারে ভাটা পড়েছে। অন্যদিকে চুয়াডাঙ্গায় মাঠের পাকা আমন ধান, ভুট্টা, শীতকালীন ফসল ও পেঁয়াজের ক্ষেত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বৃষ্টিপাত অব্যাহত থাকলে কৃষিতে বড় ধরনের ক্ষতির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বাগেরহাটের শরণখোলাসহ উপকূলীয় অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সুন্দরবনের দুবলারচরে বৃষ্টিতে ভিজে শুঁটকির জন্য সংরক্ষিত জেলেদের প্রায় কোটি টাকার মাছ নষ্ট হয়েছে। একইসাথে তিন দিন ধরে সাগরে মাছ ধরতে না পারায় আরো কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলেরা।
দুবলার আলোরকোল থেকে গতকাল শুক্রবার সকালে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: কামাল উদ্দিন আহমেদ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তিন দিন আগে সাগর থেকে ধরে এনে শুকাতে দেয়া বিপুল পরিমাণ মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পারায় জেলেদের লোকসান আরো বাড়ছে। সহসা এ ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয়।
তিনি আরো জানান, শুঁটকিপল্লীর জেলেরা নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লাসহ আশপাশের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, গত বুধবার থেকে সাগরের আবহাওয়া খারাপ থাকায় জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না। তিন দিনের বৃষ্টিতে বিপুল পরিমাণ কাঁচা মাছ নষ্ট হয়েছে। এর আর্থিক মূল্য প্রায় কোটি টাকা।
দুবলার নারিকেলবাড়ীয়াচরের মহাজন আসলাম হোসেন ও শেলারচরের মহাজন আরিফ হোসেন মিঠু জানান, বৈরী আবহাওয়ায় জেলেদের অবস্থা অত্যন্ত খারাপ। সাগরে যেতে না পারায় তাদের মাছ আহরণ কার্যক্রম বন্ধ রয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো: খলিলুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে এ এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। সাগর উত্তাল থাকায় কয়েক হাজার জেলে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
এ দিকে শরণখোলায় দিনমজুর, ভ্যান ও ইজিবাইকচালকরাও কর্মহীন হয়ে পড়েছেন। যাত্রী কমে থাকায় তাদের আয় কমেছে। ফলে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
ঝালকাঠি প্রতিনিধি জানান, টানা দুই দিনের বৃষ্টিতে এ জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে বাইরে বের হলেও স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না তারা।
গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি দিনভর অব্যাহত থাকার পর শুক্রবারও থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। প্রতিদিনের ব্যস্ততা নেই সড়কগুলোতে। ক্রেতা ও পথচারী কমে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনায় ভাটা পড়েছে।
শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির মধ্যে যাত্রীর অপোয় দাঁড়িয়ে থাকতে দেখা যায় রিকশা ও অটোরিকশা চালকদের। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেকে কাক্সিক্ষত যাত্রী পাচ্ছেন না। এতে তাদের দৈনিক আয় উল্লেখযোগ্যহারে কমে গেছে।
বৈরী আবহাওয়ায় ঝালকাঠির বিভিন্ন খেয়াঘাটেও দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে নলছিটি থেকে ঝালকাঠি শহরে আসা এবং শহর থেকে নলছিটিমুখী যাত্রীদের বৃষ্টির মধ্যে খেয়া পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষও পড়েছেন বিড়ম্বনায়।
বৃষ্টির কারণে দিনমজুরদের কাজের সুযোগ কমে গেছে। রিকশা, অটোরিকশা ও খেয়ায় যাত্রী চলাচল কম থাকায় পরিবহনসংশ্লিষ্ট শ্রমজীবীদের আয়েও নেতিবাচক প্রভাব পড়েছে। খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে জীবিকার জন্য কাজ করতে হচ্ছে অনেককে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, জেলায় টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠে থাকা পাকা রোপা আমন ধান, ভুট্টা ও শীতকালীন ফসলের ক্ষতি ব্যাপক আকার নিয়েছে। বৃষ্টিপাত আরো দুই-চার দিন দীর্ঘস্থায়ী হলে পাকা ধান কাটা ও ঘরে তোলা ব্যাহত হওয়ার পাশাপাশি ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
গত বৃহস্পতিবার সকাল থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। গতকাল শুক্রবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এতে মাঠের পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, দ্রুত বৃষ্টি না থামলে ফসল ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে। একই গ্রামের কৃষক আবদুল গনি বলেন, বিলের পাকা ধান নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। বৃষ্টি অব্যাহত থাকলে পাকা ধান পানিতে তলিয়ে যাবে।
চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার বিস্তীর্ণ এলাকায় এবার আমনের আবাদ হয়েছে। অধিকাংশ জমির ধান ইতোমধ্যে পেকে কাটার উপযোগী হয়েছে। এ অবস্থায় বৃষ্টি নামায় ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভুট্টা ও অন্যান্য ফসলেরও তির আশঙ্কা করছেন তারা। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রায় জানান, বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে কৃষিতে তেমন বড় ধরনের তির আশঙ্কা নেই। আবহাওয়া স্বাভাবিক হলে জমির পানি নেমে যাবে, ফসলের ক্ষতিও এড়ানো যাবে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত পর্যবেক জামিনুর রহমান জানান, শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। আরো দুই-তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ২৫ নভেম্বর থেকে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার সকাল থেকে জেলার পাঁচ উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা। শীতকালীন সবজি ও আমন ধান নিয়েও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। অন্য দিকে বৃষ্টিতে কাজ না পেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, ভ্যান ও রিকশাচালকরা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। বৃষ্টির সাথে শীতের অনুভূতিও বাড়ছে। বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে পেঁয়াজের বীজতলা তলিয়ে গেছে। কৃষকরা জমিতে নালা কেটে পানি সরানোর চেষ্টা করছেন। স্থানীয় কৃষক রুবেল শেখ জানান, বীজতলার চারাগুলোর বয়স ১৫-২০ দিন। বৃষ্টি আরো দুই দিন অব্যাহত থাকলে অধিকাংশ চারা নষ্ট হয়ে যাবে। নটাপাড়া গ্রামের কৃষক অমৃত বৈরাগী বলেন, বৃষ্টিতে ফুলকপি, পেঁয়াজের বীজতলা ও ধানের ব্যাপক রয়েছে। সদর উপজেলার কৃষক আসুতোষ মণ্ডল জানান, ধারদেনা করে তৈরি করা তার বীজতলার চারা একেবারেই নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দাবি করেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৪০ হাজার ৯৩২ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের ল্যমাত্রা রয়েছে। এর মধ্যে পাঁচ হাজার হেক্টরে মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয়েছে। বাকি জমির জন্য কৃষকরা হালি পেঁয়াজের বীজতলা তৈরি করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো: এনামুল হক জানান, আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে কৃষির ক্ষতি হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কৃষি বিভাগ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









