
আলজাজিরা
ব্রেক্সিট গণভোটের এক দশক পর সম্পর্ক নতুন করে সাজানোর লক্ষ্যে তিনটি নীতিগত বিষয়ে চুক্তিতে পেঁৗঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য। গতকাল শুক্রবার ব্রাসেলসে শীর্ষ সম্মেলনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের দফতর জানিয়েছে, আলোচনা শেষ হয়েছে এবং সম্পর্ক পুনর্গঠনের এ চুক্তি চূড়ান্ত করা হয়েছে।
বৈঠকের শুরুতে ইইউ প্রধান উরসুলা ফন ডার লেন এবং আন্তোনিও কস্তাকে বার্নহ্যাম বলেন, এটি ব্রিটেন ও ইউরোপের জন্য একটি শুভ দিন এবং এর ফলে উভয় পক্ষের মানুষই বাস্তব সুফল পাবেন। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, উভয় পক্ষ একটি যুব গতিশীলতা প্রকল্প, প্রাণী ও উদ্ভিদজাত পণ্যের স্বাস্থ্যবিধি সংক্রান্ত (স্যানিটারি ও ফাইটোস্যানিটারি) চুক্তি এবং কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থার সংযোগ স্থাপনের সময়সীমায় একমত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য একটি যৌথ বিবৃতিতে প্রকাশ করা হবে।
যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র আলজাজিরাকে জানান, আলোচনা শেষ হয়েছে এবং এখন উভয় পক্ষ চুক্তি বাস্তবায়নের দিকে এগোবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিজ নিজ দেশে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি অন্যান্য কিছু বিষয়ে আলোচনা চলবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বার্নহ্যামের মতে, এ চুক্তিগুলো ব্রিটেনের অর্থনীতিতে শূন্য দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি যোগ করতে পারে। বিশেষ করে যুক্তরাজ্য ও ইইউর মধ্যে প্রাণী, উদ্ভিদ ও সংশ্লিষ্ট পণ্যের চলাচলে নিয়ন্ত্রণ কমানোর ফলে ব্রিটিশ অর্থনীতিতে আনুমানিক ৫১০ কোটি (৫.১ বিলিয়ন) পাউন্ড বা ৬৭০ কোটি (৬.৭ বিলিয়ন) ডলার সমমূল্যের সুবিধা যুক্ত হবে। এ ছাড়া নিঃসরণ বাণিজ্য ব্যবস্থার সংযোগের ফলে ইস্পাতের মতো ব্রিটিশ ও ইইউ পণ্যগুলো একে অপরের সীমান্ত কার্বন শুল্ক থেকে অব্যাহতি পাবে। অন্য দিকে, যুব গতিশীলতা প্রকল্পের আওতায় ইউরোপের এক লাখ তরুণ-তরুণী সর্বোচ্চ তিন বছরের জন্য যুক্তরাজ্যে বসবাস ও কাজের সুযোগ পাবেন এবং ব্রিটিশ তরুণরাও ইউরোপে একই সুবিধা পাবেন।
তবে সম্পর্ক আরো গভীর করতে সামনে আরো কয়েক মাস বা বছরব্যাপী আলোচনার প্রয়োজন হবে। ভবিষ্যতের সম্পর্কের ক্ষেত্রে ২৭ জাতির ইইউতে পুনরায় যোগ দেয়ার বিষয়টিসহ সব বিকল্প খোলা রাখার কথা বার্নহ্যাম আগে বললেও ব্রেক্সিট উল্টে দেয়া এখনই সম্ভব নয় বলে স্পষ্ট করেছেন।
এ দিকে এ চুক্তির কড়া সমালোচনা করেছেন ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজ। সমাজমাধ্যমে তিনি বার্নহ্যামকে ‘অনভিজ্ঞ’ আখ্যা দিয়ে দাবি করেন, ইইউ এ সুযোগে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চাপে ফেলেছে এবং তিনি পুরনো ফাঁদে পা দিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









