রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা।
ads

নয়া দিগন্ত ডেস্ক
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের সেনাবাহিনীকে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) দোষী সাব্যস্ত করার পর এই রায় ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের জন্য বড় সতর্কবার্তা হয়ে এসেছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক বিশ্লেষণে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ঘোষিত ১৯১ পৃষ্ঠার এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে গণহত্যা প্রমাণের জন্য আর কোনো লিখিত বা অকাট্য একক প্রমাণের (স্মোকিং গান) বাধ্যবাধকতা রইল না। বরং প্রচুর পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা সম্ভব।
বিশ্লেষণে উল্লেখ করা হয়, একটি মামলার রায় অন্য দেশে হুবহু প্রযোজ্য না হলেও মিয়ানমারের বিরুদ্ধে স্থাপিত এই আইনি নজির গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় বড় প্রভাব ফেলবে। আন্তর্জাতিক আইনে সাধারণত কোনো গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংস করার ‘গণহত্যার অভিপ্রায়’ (জেনোসাইডাল ইনটেন্ট) প্রমাণ করা সবচেয়ে কঠিন শর্ত। ইসরাইলের আইনজীবীরাও দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে নাৎসিদের ‘চূড়ান্ত সমাধান’-এর মতো লিখিত দলিল ছাড়া গণহত্যা প্রমাণ করা অসম্ভব।
তবে রায় ঘোষণার সময় আইসিজের বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, এ মামলায় কোনো একক অকাট্য প্রমাণ না থাকলেও বিপুল পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ৯-৬ ভোটে আদালত সিদ্ধান্ত নিয়েছেন যে মিয়ানমারের জান্তার কর্মকাণ্ডের পেছনে গণহত্যা ছাড়া অন্য কোনো ব্যাখ্যা নেই। ২০১৭ সালের আগস্টে ‘অপারেশন ক্লিয়ারেন্স’-এ অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত ও সাত লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঘটনাকে কেবল বিদ্রোহ-দমন অভিযান মানতে নারাজ আদালত। দীর্ঘদিনের বঞ্চনা, বিদ্বেষপূর্ণ বক্তব্য, নির্বিচার হত্যা-ধর্ষণ ও গ্রাম গুঁড়িয়ে দেয়ার মতো ঘটনাগুলোকে আদালত গণহত্যার অভিপ্রায় হিসেবে চিহ্নিত করেছেন। এ ছাড়া সরাসরি সঙ্ঘাতে যুক্ত নয় এমন তৃতীয় পক্ষ- যেমন মিয়ানমারের ক্ষেত্রে গাম্বিয়া এবং ইসরাইলের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা মামলা করার পূর্ণ এখতিয়ার রাখে বলেও রায়ে প্রতিষ্ঠিত হয়েছে।
লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আইন অধ্যাপক নিমার সুলতানি বলেন, মিয়ানমারের ক্ষেত্রে আদালত যেভাবে আইন প্রয়োগ করেছেন এবং ১৯৭৮ সাল থেকে চালানো পূর্ববর্তী সামরিক অভিযানগুলো আমলে নিয়েছেন, তা গাজায় ২০০০ সাল থেকে ইসরাইলের একাধিক হামলার প্রেক্ষাপটে ইসরাইলের বিরুদ্ধেও একই ধরনের রায়ের জোরালো ইঙ্গিত দেয়।
এদিকে সাম্প্রতিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে তত্ত্বাবধায়ক ভূমিকা পালন করা নেতানিয়াহু আগে থেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানায় রয়েছেন। তবে আইসিজেতে গণহত্যার রায় এলে তা সরকার গঠনের চেষ্টায় থাকা নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের জন্যও অস্বস্তিকর হবে; কারণ ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গাজায় সর্বোচ্চ প্রাণহানির সময় তিনি নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ছিলেন।
রায়ের পর ইসরাইলি দৈনিক ‘জেরুসালেম পোস্ট’ মন্তব্য করেছে, এই রায় ইসরাইলের আত্মরক্ষার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে। কারণ এতে স্পষ্ট হয়েছে, আক্রান্ত গোষ্ঠীর একাংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও পাল্টা আক্রমণ গণহত্যার শামিল হতে পারে।