সম্পাদকীয়
সম্পাদকীয় লোগো। নয়া দিগন্ত
ads

ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার সীমান্তবর্তী ফেনী ও মুহুরী নদীর মোহনায় মুহুরী সেচ প্রকল্প শুধু কৃষি উৎপাদনের একটি বিশাল অবকাঠামো নয়, অপরূপ  প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য আধার। বিস্তীর্ণ নীল জলরাশি, সবুজ চর, সারি সারি পাইন ও ঝাউবন, কাশফুলের মাঠ, কৃত্রিম সুন্দরবন এবং ৪০ দরজাবিশিষ্ট  রেগুলেটরের সম্মিলনে এলাকাটি গড়ে তুলেছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। 
শহুরে প্রতিদিনের যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে নির্মল বাতাস ও প্রশান্তি খুঁজতে দূর-দূরান্ত থেকে শত শত ভ্রমণপিপাসু এখানে ছুটে আসেন। অথচ প্রকৃতির এ উদার আয়োজনের বিপরীতে দীর্ঘদিনের অবহেলা, পরিকল্পনার অভাব ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতিতে মুহুরী প্রকল্পের পর্যটন সম্ভাবনা এখনো কাঙ্ক্ষিত রূপ পায়নি।
নয়া দিগন্তের প্রতিবেদন অনুযায়ী, ১৯৭৭-৭৮ অর্থবছরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ ১৯৮৫-৮৬ সালে পূর্ণতা পায়। সেচসুবিধা নিশ্চিত করা ও জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সময়ের পরিক্রমায় এটি যে একটি আকর্ষণীয় অবকাশকেন্দ্রে পরিণত হতে পারে, তা এখন স্পষ্ট। বিশেষ করে বিকেলের আলো-ছায়ায় নদীর মোহনা ও চরাঞ্চলের মনোরম দৃশ্য দর্শনার্থীদের মনে প্রশান্তির এক দ্যোতনা ছড়িয়ে দেয়। কিন্তু বাস্তবতা হলো, এখানে আগত পর্যটকদের জন্য নিরাপদ নৌভ্রমণের সুব্যবস্থা, পর্যাপ্ত বসার স্থান, মানসম্মত বিশ্রামাগার, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা, নিরাপদ খাবারের  দোকান এবং সার্বিক নিরাপত্তার মতো মৌলিক সুবিধার চরম ঘাটতি আছে। ফলে অনেক দর্শনার্থী কাঙ্ক্ষিত স্বস্তি ও স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হচ্ছেন।
একটি সম্ভাবনাময় স্থানকে পরিকল্পিত পর্যটনকেন্দ্রে রূপান্তর করা গেলে এর সুফল শুধু ভ্রমণকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। পর্যটন ব্যবস্থার যথাযথ বিকাশ ঘটলে এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ক্ষুদ্র উদ্যোক্তা, স্থানীয় পরিবহন, খাবারের দোকান ও হস্তশিল্পসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সেবার প্রসার ঘটবে। এর ফলে সোনাগাজীসহ আশপাশের এলাকার মানুষের জীবনমান উন্নয়নেরও সুযোগ তৈরি হবে।
স্থানীয় প্রশাসনের তথ্যমতে, প্রকল্প এলাকায় ভ্রমণপিপাসুদের আসা-যাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। তাই প্রয়োজনীয় সংস্কার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এখানে পর্যটনের অপার সম্ভাবনা আছে। স্থানীয় প্রশাসনের এই ইতিবাচক উপলব্ধিকে এখন দ্রুত বাস্তব পদক্ষেপে রূপ দেয়া জরুরি। মাঠপ্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে সুনির্দিষ্ট একটি প্রস্তাব দিতে পারে। এ ক্ষেত্রে শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়; প্রাণ-প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। কৃত্রিম বন, চরাঞ্চল ও জলরাশির জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখে পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তুলতে হবে। পর্যটনের প্রসার ঘটাতে গিয়ে কোনো অবস্থাতে প্রকৃতির ক্ষতি যেন না হয়।
মুহুরী সেচ প্রকল্পে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো ঘাটতি নেই। অভাব শুধু সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মাঠপ্রশাসন ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা  জোরদার এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে কৃষির পাশাপাশি পর্যটনের সম্ভাবনাও কাজে লাগানো সম্ভব। সঠিক পরিচর্যা ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে মুহুরী সেচ প্রকল্প দ্রুত ফেনী তথা দেশের অন্যতম আকর্ষণীয় ও নিরাপদ পর্যটনকেন্দ্রে পরিণত হবে, এমনটি আমাদের প্রত্যাশা।