
চাকরির পেছনে না ছুটে কৃষিতে স্বপ্ন বুনেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তরুণ উদ্যোক্তা খন্দকার মোহাম্মদ মিজানুর রহমান। প্রচলিত ফসলের বাইরে বিদেশী ফল ও ফুল চাষে আগ্রহী এ উদ্যোক্তা বাণিজ্যিকভাবে আনারকলি (প্যাশন ফ্রুট) চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। মাত্র চারটি চারা দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু করা আনারকলির আবাদ এখন বাণিজ্যিক রূপ পেয়েছে। বর্তমানে এক বিঘা জমিতে গড়ে তুলেছেন আনারকলির বাগান। চলতি মৌসুমে এ ফল বিক্রি করে দুই থেকে আড়াই লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন তিনি।
মিজানুর রহমান কালীগঞ্জ উপজেলার চাঁদবা গ্রামের মৃত খন্দকার তবিবুর রহমানের ছেলে। শুধু আনারকলি নয়, বিভিন্ন জাতের ফল ও ফুল চাষের মাধ্যমে প্রায় ২৭ বিঘা জমিতে গড়ে তুলেছেন তিনি বহুমুখী কৃষি খামার।
উদ্যোক্তা মিজানুর রহমান জানান, ২০২৩ সালে মাত্র চারটি আনারকলির চারা দিয়ে পরীক্ষামূলক চাষ শুরু করেন তিনি। ফলন ও বাজার সম্ভাবনা দেখে আগ্রহ বাড়লে ২০২৫ সালে বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নেন। ওই বছর ১৩০টি চারা রোপণ করেন। বর্তমানে এক বিঘা জমিতে বিস্তৃত হয়েছে তার আনারকলির বাগান।
সরেজমিন দেখা যায়, মাচা তৈরি করে সারি সারি আনারকলির গাছ লাগানো হয়েছে। লতানো গাছগুলো মাচাজুড়ে ছড়িয়ে পড়েছে। ঝুলছে অসংখ্য কাঁচা ও পাকা ফল। বাগানের সৌন্দর্য দেখতে এবং চাষাবাদ সম্পর্কে জানতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছেন ফলপ্রেমী ও কৃষি উদ্যোক্তারা। অনেকে ফলের স্বাদ নেয়ার পাশাপাশি চাষের পদ্ধতি সম্পর্কে ধারণা নিচ্ছেন। আগ্রহীদের পরামর্শ দেয়ার পাশাপাশি নিজেই উৎপাদিত চারা সরবরাহ করছেন মিজানুর। ইতোমধ্যে অনেক কৃষক তার কাছ থেকে চারা সংগ্রহ করে আনারকলির বাগান শুরু করেছেন।
মিজানুর রহমান বলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চÑ এ তিন মাস ছাড়া বছরের বাকি ৯ মাসই বাগানে আনারকলি পাওয়া যায়। ফলের আকার অনুযায়ী প্রতিটি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করা যায়। তার উৎপাদিত ফল ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট ও দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। চলতি মৌসুমে দুই লাখ থেকে আড়াই লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি। পাশাপাশি চীনে আনারকলি রফতানির প্রস্তুতিও নিয়েছেন। ভবিষ্যতে এ ফলের চাষ আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তার। তিনি আরো বলেন, তুলনামূলক কম উৎপাদন খরচ ও বাজারে চাহিদা থাকায় আনারকলি চাষ লাভজনক হতে পারে। এলাকার উর্বর মাটিতে এ ফলের চাষ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, আনারকলি ফলের চাষ বেশ লাভজনক। বিশেষ করে পর্যটন এলাকাগুলোতে এ ফলের চাহিদা রয়েছে। কোনো উদ্যোক্তা এ ফল চাষে আগ্রহী হলে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
পরিকল্পনা, পরিশ্রম ও নতুন কিছু করার মানসিকতা থাকলে কৃষিতেও লাভজনক কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব। মিজানুর রহমানের এ উদ্যোগ স্থানীয় কৃষকদের প্রচলিত ফসলের বাইরে নতুন ফল চাষে আগ্রহী করে তুলবে বলে প্রত্যাশা তাদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








