
সীমান্ত নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করেছে দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি-২৯ ব্যাটালিয়ন।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দিনাজপুরের সদর, ফুলবাড়ী, বিরামপুর ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরো জোরদার করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। বিশেষ করে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, সন্দেহজনক গতিবিধি শনাক্ত এবং টহল কার্যক্রম গতিশীল করতে ড্রোন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে।
এ প্রযুক্তির মাধ্যমে সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো পর্যবেক্ষণ করা সহজ হবে। পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম আরো জোরদার করাও সম্ভব হবে।
লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








