ভারপ্রাপ্তের ভারে নুয়ে পড়েছে নালিতাবাড়ীর শিক্ষাব্যবস্থা

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রশাসনে দীর্ঘদিন ধরে পদশূন্যতা বিরাজ করছে। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষা কর্মকর্তার গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় ভারপ্রাপ্তদের দিয়ে চলছে  বেশির ভাগ প্রতিষ্ঠানের কার্যক্রম। এতে পাঠদান, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষা তদারকি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নালিতাবাড়ীতে ১২১টি প্রাথমিক বিদ্যালয়, ৩৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, চারটি কলেজ এবং চারটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৮৫টি পদ শূন্য। এসব বিদ্যালয়ের ৪৭টিতে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দেয়া হয়েছে। মামলা জটিলতায় ১১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। 
মাধ্যমিক পর্যায়েও সঙ্কট প্রকট। উপজেলার একমাত্র সরকারি তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়সহ মধ্য নালিতাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, বরুয়া জানি হাসান উচ্চ বিদ্যালয়, পায়খাতলা আদর্শ উচ্চ বিদ্যালয়, সন্যাসিভিটা উচ্চ বিদ্যালয়, আব্দুল হাকিম মডেল উচ্চ বিদ্যালয় ও নয়াবিল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। কয়েকটি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদও খালি। বনকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলহাজতে, সহকারী প্রধান শিক্ষক পলাতক এবং পৌরসভা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলহাজতে রয়েছেন।
উপজেলার সরকারি নাজমুল স্মৃতি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজে দীর্ঘদিন ধরে এ দু’টি পদ শূন্য রয়েছে। সরকারি নাজমুল স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসরাত জাহান বন্যা বলেন, অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ কলেজে ১৯টি শিক্ষক-কর্মচারীর পদ শূন্য। অতিথি শিক্ষক দিয়ে কাস নিতে হচ্ছে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন, প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষা কর্মকর্তা না থাকায় সঠিক তদারকি ব্যাহত হচ্ছে। শূন্য পদে জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।