গার্মেন্টে অস্থিরতার পেছনে আ’লীগ
ads

সংসদ প্রতিবেদক

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরী পোশাক (গার্মেন্ট) খাতের চলমান সঙ্কট, শ্রমিক অসন্তোষ, জ্বালানি ও গ্যাস সঙ্কট এবং সার্বিক অর্থনীতি নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।
আলোচনায় পোশাক খাতের এই স্থবিরতা ও অস্থিরতা কাটাতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারি ও বিরোধী দল, মালিক, শ্রমিক এবং কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি ‘জাতীয় টাস্কফোর্স’ গঠনের জোর দাবি জানিয়েছেন। অন্য দিকে, খাতের বর্তমান সঙ্কট মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ, বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ ও আন্তর্জাতিক চুক্তির কথা তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি, শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক উসকানি ও নাশকতার চেষ্টার অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী দুর্বলতা, আমলাতান্ত্রিক জটিলতা ও ব্যবসায়িক প্রতিবন্ধকতার কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
‘জাতীয় টাস্কফোর্স’ গঠনের দাবি বিরোধীদলীয় নেতার
জাতীয় সংসদের অধিবেশনে তৈরী পোশাক শিল্পের সঙ্কট নিরসনে সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দেশের বৈদেশিক মুদ্রার ৮০ শতাংশ এবং বার্ষিক ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আসে এই তৈরী পোশাক খাত থেকে। এরপরেই রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এই খাতে কোনো কারণে বিপর্যয় দেখা দিলে তা পুরো ব্যাংকিং খাতকে ধসিয়ে দেবে এবং বাজারে অর্থ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তিনি আরো সতর্ক করে বলেন, ‘মালিকরা উৎপাদনে টিকতে না পারলে কারখানা লে-অফ করতে বাধ্য হবেন। ফলে বিপুল জনশক্তি কর্মসংস্থান হারিয়ে চরম সামাজিক অস্থিরতা তৈরি করবে।’ সঙ্কট সামাল দিতে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, সরকার এককভাবে এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এ জন্য সরকারি দল, বিরোধী দল, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ ও টেকনিক্যাল এক্সপার্টদের নিয়ে অবিলম্বে একটি ‘ন্যাশনাল টাস্কফোর্স’ গঠন করতে হবে। এ ছাড়া পার্শ্ববর্তী দেশগুলোর মতো আমাদের দেশেও মজুরি বোর্ডের পাশাপাশি সরকার শ্রমিকদের সরাসরি আর্থিক প্রণোদনা দেয়ার আহ্বান জানান তিনি।
শ্রমিক অসন্তোষে রাজনৈতিক উসকানি: স্বরাষ্ট্রমন্ত্রী
তৈরী পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক সম্পৃক্ততা ও উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার শতভাগ একমত। তবে শ্রমিকদের দাবিকে পুঁজি করে একটি পক্ষ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিকদের মধ্যে মিশে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি অসন্তোষ জিইয়ে রাখতে চায়। তবে সরকার অত্যন্ত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কোনো নিরীহ মানুষের প্রাণহানি না ঘটে।
শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিন বছর পূর্ণ হওয়ার আগেই শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মালিক ও শ্রমিকপক্ষের সাথে আলোচনা করে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে সহনীয় পর্যায়ে একটি সম্মানজনক মজুরি নির্ধারণে সরকার কাজ করছে। এ ছাড়া নিম্ন আয়ের শ্রমিকদের স্বস্তি দিতে খোলা বাজারে ও সুলভ মূল্যে খাদ্য বিতরণ কার্যক্রমের পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে বাণিজ্য চুক্তির ওপর জোর বাণিজ্যমন্ত্রীর
আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের রফতানি প্রবৃদ্ধি ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ১৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক মন্দার কারণে প্রধান বাজারে ভোগব্যয় কমলেও অপ্রচলিত বাজারে ভালো করায় এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং গ্যাস ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় উদ্যোক্তাদের ওপর চাপ তৈরি হয়েছে বলে স্বীকার করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী আরো জানান, দেশের তৈরী পোশাকশিল্পকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে এবং উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদনে জোর দেয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আগামী ১৫ ডিসেম্বর প্রথম দফার আলোচনা শুরু হবে। পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যোগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ব্যবসা শুরুর অনুমোদনপ্রক্রিয়া ৩৫৫ দিন থেকে কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনতে অনলাইনভিত্তিকয়ান প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।