
মো: আবদুস সালিম
সুন্দরবনের অতি পরিচিত একটি বুনো ফল ‘কেওড়া’। কাঁচা ও পাকা উভয় অবস্থায় এ ফল গাঢ় সবুজ রঙের হয়। কেওড়া ফল দেখতে ছোট, গোলাকার এবং কিছুটা মার্বেল বা ডুমুর ফলের মতো।
উপকূল বা সুন্দরবন এলাকার মানুষ পাকা কেওড়া লবণ-মরিচ দিয়ে মাখিয়ে চটকে খায়। এ ফল মসুর ডাল ও ছোট চিংড়ির সাথে মিশিয়ে খাট্টা বা টক রান্না করেও খাওয়া যায়। এটি কাঁচা আমের মতো ফালি করে কেটে চিবিয়েও খাওয়া যায়।
কেওড়া ফল শুধু মানুষের খাবার নয়, হরিণ, বানর প্রভৃতি প্রাণীরও পছন্দের খাবার। নদী-খালের পানিতে ঝরে পড়ে থাকা পচা কেওড়া ফল মাছের পুষ্টিকর খাবার।
কেওড়া ফলের ইংরেজি নাম ম্যাংগ্রোভ অ্যাপল (Mangrove apple); বৈজ্ঞানিক নাম (Sonneratia apetala)
কেওড়া ফল আমলকি, কমলা প্রভৃতির তুলনায় আরো বেশি খনিজসমৃদ্ধ হওয়ায় স্বাস্থ্যসুরক্ষাসহ নানা ক্ষেত্রে এর জনপ্রিয়তা বাড়ছে। এতে প্রচুর রয়েছে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, জিংক ইত্যাদি।
বেশ নরম বা মসৃণ এ ফলের উপরের খোসা। ফলের ভেতরের চেয়ে এর উপরের মাংসল অংশ রন্ধনশিল্পে, বিশেষ করে আচার, জ্যাম, জেলি প্রভৃতি মুখরোচক খাবার তৈরিতে কাজে লাগে। কেওড়া ফুল ও ফলের নির্যাস থেকে তৈরি করা আসল সুগন্ধি ‘কেওড়া জল’ পোলাও, বিরিয়ানি, গোশত, তেহারি প্রভৃতিতে পরিমাণমতো মেশালে এসব খাবারের ঘ্রাণ ও স্বাদ বাড়ে। এ ফলের গাছে ফুল আসে ফাল্গুন- চৈত্র মাসে, ফুল থেকে ফল হয় আষাঢ়- শ্রাবণে এবং ফল পাকে আশ্বিন-অগ্রহায়ণ মাসে। পর্যাপ্ত বৃষ্টি এ গাছের জন্য ভালো। প্রায় দুই সেন্টিমিটার ব্যাসের কেওড়া ফুলে থাকে না কোন দৃশ্যমান পাপড়ি।
গাছের ডালে পাতাগুলো বিপরীতমুখী হয়ে সাজানো থাকে। চকচকে ও গাঢ় সবুজ পাতার উপরের দিক সামান্য পুরু, মসৃণ ও মাংসল। পাতার অগ্রভাগ ভোঁতা ও পাতা লম্বায় প্রায় ৬-১০ সেন্টিমিটার এবং চওড়া প্রায় ৪-৫ সেন্টিমিটার। পাতার বোঁটা খাটো ও শক্ত। বোঁটা সাধারণত ৮-১০ মিলিমিটার লম্বা। মসৃণ ও রোমহীন হয় বোঁটার উপরিভাগ ও ত্বক। এর রঙ সবুজ বা হালকা বাদামি। এ বোঁটা মানুষ সাধারণত খায় না।
বসন্তকালে কেওড়া ফুলের মধু মৌমাছি পালন ও মধু সংগ্রহ বা ব্যবসায় মৌয়ালদের ভালো কাজ দেয়।
কেওড়া ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় উদ্ভিদ। এ গাছের গড় উচ্চতা প্রায় ২০-২৫ মিটার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








