
মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
সুপ্রিয় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প: প্রত্যুপকার’ থেকে আরো ৮টি ‘জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করা হলো।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: আশ্রয়দাতা কী কারণে আলী ইবনে আব্বাসকে স্বদেশে ফিরে যাওয়ার পরামর্শ দেন?
উত্তর: সে সময় অনেক লোক বাগদাদ যাচ্ছিলেন, যা স্বদেশে ফেরার জন্য উপযুক্ত সময়, তাই আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে স্বদেশে ফিরে যাওয়ার পরামর্শ দেন।
প্রশ্ন: আলী ইবনে আব্বাস কেন আশ্রয়দাতাকে অর্থের অভাবের কথা জানাননি?
উত্তর: লজ্জাবশত আলী ইবনে আব্বাস আশ্রয়দাতাকে অর্থের অভাবের কথা প্রকাশ করতে পারেননি।
প্রশ্ন: আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসের জন্য কী কী প্রস্তুত করেছিলেন?
উত্তর: আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসের জন্য উৎকৃষ্ট অশ্ব, খাদ্যসামগ্রী, ভৃত্য এবং স্বর্ণমুদ্রার থলি প্রস্তুত করেছিলেন।
প্রশ্ন: প্রস্থানকালে আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে কী উপহার দেন?
উত্তর: প্রস্থানকালে আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে একটি স্বর্ণমুদ্রার থলি উপহার দেন।
প্রশ্ন: আলী ইবনে আব্বাস কেন ওই স্থানকে পৃথিবীর সর্বাপেক্ষা প্রিয় বলে উল্লেখ করেন?
উত্তর: তার জীবনের গুরুত্বপূর্ণ সহায়তা সেখানে পেয়েছিলেন বলে, তিনি ওই স্থানকে পৃথিবীর সর্বাপেক্ষা প্রিয় বলে উল্লেখ করেন।
প্রশ্ন: আলী ইবনে আব্বাস কীভাবে জানতে পারেন যে বন্দি ব্যক্তি তার আশ্রয়দাতা?
উত্তর: বন্দি ব্যক্তির কথা শুনে এবং তাকে নিরীক্ষণ করে আলী ইবনে আব্বাস জানতে পারেন বন্দি ব্যক্তি তার আশ্রয়দাতা।
প্রশ্ন: আশ্রয়দাতা বন্দি অবস্থায় কীভাবে আলী ইবনে আব্বাসের সামনে আসেন?
উত্তর: খলিফার আদেশে তাকে বদ্ধ অবস্থায় আলী ইবনে আব্বাসের সামনে আনা হয়।
প্রশ্ন: বন্দি ব্যক্তি কী কারণে খলিফার কোপে পতিত হন?
উত্তর: কিছু লোক ঈর্ষাবশত তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় তিনি খলিফার কোপে পতিত হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








