সাড়ে ৩ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, ১ কোটি চরম দারিদ্র্যে
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস অনুষ্ঠানে স্পিকারসহ অতিথিরা : নয়া দিগন্ত।

 বিশেষ সংবাদদাতা 
দেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, যার মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের মোট সংখ্যা কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 
গতকাল বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’ গঠন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) দেশের বিপুলসংখ্যক মানুষের দারিদ্র্য, বৈষম্য ও বঞ্চনার জন্য সরাসরি রাজনীতিবিদদের দায়ী করেন। তিনি বলেন, ‘প্রশাসন থেকে শুরু করে সমাজ পরিচালনার প্রতিটি ক্ষেত্রে রাজনীতিবিদদের প্রভাব রয়েছে। আমলাদের দোষারোপ করে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই, কারণ আমলারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে।’ 
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সত্তর ও আশির দশকে প্রশাসনের কর্মকর্তারা রাজনীতিবিদদের চেয়ে বেশি ক্ষমতাশালী ছিলেন। কিন্তু আশির দশকের পর থেকে রাষ্ট্র ও সমাজ পরিচালনার মূল চালিকাশক্তি রাজনীতিবিদদের হাতে চলে এসেছে। রাজনীতি এখন সর্বগ্রাসী। শুধু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মন্ত্রী নন; গ্রামাঞ্চলে রাজনৈতিক দলের সাধারণ কর্মীরাও এখন অনেক ক্ষমতা রাখেন। তারা চাইলে মানুষের উপকার করতে পারেন, আবার ক্ষতিও করতে পারেন। তাই সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। 
সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে স্পিকার সতর্ক করে বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে এবং আগুন জ্বলবে। ২০১৪ সালের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, ভোট গ্রহণের আগেই ১৫৩ জন নির্বাচিত হওয়ার মতো ঘটনা গণতন্ত্রের জন্য ভয়াবহ ছিল। তবে বর্তমান সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 
মূল প্রবন্ধে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে সাড়ে তিন কোটি এখনো দরিদ্র। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা দুই কোটি মানুষ দুই দিন কাজ করতে না পারলেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকাশিত শ্বেতপত্রেও এ চিত্র উঠে এসেছে। 
তিনি বলেন, গত ৫৫ বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি হলেও সে অনুপাতে সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটেনি। পরিচ্ছন্নতাকর্মী, শারীরিক প্রতিবন্ধী, উত্তরবঙ্গের মরুকরণপ্রবণ এলাকার বাসিন্দা এবং উপকূলীয় জনগোষ্ঠীর কাছে উন্নয়নের সুফল সমানভাবে পৌঁছায়নি। তারা অপশাসন, দুর্নীতি ও স্বজনপ্রীতির শিকার হন বেশি এবং প্রশাসন ও রাজনৈতিক কাঠামো থেকে যথাযথ মর্যাদা পান না। 
যুব বেকারত্বের উদ্বেগজনক চিত্র তুলে ধরে দেবপ্রিয় জানান, দেশে প্রতি চারজন যুবকের একজন বেকার; আর শিক্ষিত যুবকদের ক্ষেত্রে এ হার প্রতি তিনজনে একজন। দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে পৌঁছালেও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যু, স্কুল থেকে ঝরে পড়া এবং শিশুশ্রমের প্রবণতা এখনো বেশি। 
জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার দায়িত্ব শুধু নাগরিক সমাজ বা বেসরকারি উদ্যোক্তাদের নয়; যাদের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, সেই জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় তাদের সরাসরি ভূমিকা রাখতে হবে। সমাজের অগ্রসর অংশ পিছিয়ে পড়া মানুষের পক্ষে কথা না বললে একসময় তাদের নিজেদের অর্জন ও সামাজিক স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়বে।
অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো একসাথে এভাবে তুলে ধরার সুযোগ আগে হয়নি। দেশের পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও নারীদের এগিয়ে নিতে সরকার কাজ করছে। কৃষকদের সহায়তা, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে। 
জামায়াতের সংসদ সদস্য মো: সাইফুল আলম খান বলেন, শহর ও গ্রামের জীবনযাত্রায় পার্থক্য থাকলেও সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক সমস্যা- শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বাসস্থান- প্রায় একই। দুর্নীতির কারণে অনেকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। 
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

Advertisement