মুফতি তাকি উসমানি
বাংলাদেশ সফরে আসছেন মুফতি তাকি উসমানি। সংগৃহীত

বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক মুফতি মুহাম্মদ তাকি উসমানি খুব শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট ৯টি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

Advertisement

গত ১১ নভেম্বর সফরের প্রধান সমন্বয়কারী মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরসূচির শুরুতে ২২ নভেম্বর ঢাকায় পৌঁছে শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন ২৩ নভেম্বর ঢাকার ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে উপস্থিত থাকবেন এই প্রখ্যাত আলেম।

২৪ নভেম্বর সকালে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা পরিদর্শন করবেন এবং ২৫ নভেম্বর নরসিংদী হয়ে সিলেটে উলামা সম্মেলনে অংশ নেবেন। এছাড়া ২৬ নভেম্বর বেফাক ও হাইআতুল উলয়ার যৌথ আয়োজনে বিশেষ উলামা সম্মেলনে যোগ দেবেন তিনি।

সফরের শেষ দিকে ২৭ নভেম্বর বায়তুল মোকাররম মসজিদে জুমার বয়ান ও কেরানীগঞ্জে ইসলামি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর ২৮ নভেম্বর যাত্রাবাড়ী মাদরাসায় দরসে বুখারি প্রদানের মাধ্যমে তার এই বাংলাদেশ সফর শেষ হবে।

উল্লেখ্য, শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আয়োজকরা এ দফায় তার সফরসূচিতে কিছু পরিবর্তন এনেছেন। ফলে আগের তুলনায় কর্মসূচির সংখ্যা কিছুটা কমিয়ে চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে।