
খুলনায় রূপসা উপজেলায় মো: জাকির হোসেন শেখ ওরফে জাকির শেখ (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জাকির শেখ গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। তিনি স্বল্পবাহিরদিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদের বড় ভাই।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সীমান্ত সংলগ্ন গ্রাম রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের একটি দোকানে জাকির শেখসহ কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় হেলমেট পরিহিত দুইজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে ঘটনাস্থলের পাশে রাখে। এরপর একজন দোকানের ভেতর ঢুকে জাকির শেখের মাথা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম জানান, রাত ১০টার দিকে জাকির শেখ খাজাডাঙ্গার একটি দোকানে বসে কয়েকজনের সাথে গল্প করছিলেন। এ সময় হেলমেট পরিহিত দুইজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তার মাথায় দুই রাউন্ড গুলি করে হত্যা করে।
তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








