নেতানিয়াহু-আইজেনকোট বৈঠক
নেতানিয়াহু-আইজেনকোট বৈঠক। সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 'ইয়াশার' পার্টির প্রধান গাদি আইজেনকোটকে নিরাপত্তা ব্রিফিং দেয়ার কয়েক ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় ইসরায়েলি টেলিভিশনগুলোর প্রতিবেদনে ওই বৈঠকের আলোচনা এবং ইরানের সাথে আবার যুদ্ধ জরুরি কি না—সে বিষয়ে সূত্রগুলোর ভিন্ন ভিন্ন মূল্যায়ন উঠে এসেছে।

Advertisement

ব্রিফিংয়ের বিষয়ে অবগত একটি সূত্র এর আগে চ্যানেল ১২-কে জানিয়েছিল যে, গোয়েন্দা তথ্যগুলো নেতানিয়াহুর উদ্দেশ্যের প্রতি আইজেনকোটের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী এ বৈঠকটি মূলত ইরানের সাথে দ্রুত আবার যুদ্ধ শুরু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়ার জন্যই ব্যবহার করেছেন বলে মনে করা হচ্ছে।

সূত্রটি বলেছিল, 'আইজেনকোট একবার পূর্ণাঙ্গ গোয়েন্দা চিত্রটি জানতে পারলে সবকিছু বুঝতে পারবেন। এই বৈঠকের পর তিনি আর আগের মতো আচরণ করবেন না; তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে আর সন্দেহ করবেন না।'

তবে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো ইরানে এমন কোনো পরিস্থিতি দেখছে না, যাতে তাৎক্ষণিক সামরিক অভিযানের যৌক্তিকতা তৈরি হয়; যদিও ইসরাইলের নির্বাচনের আগে এবং পরে নেতানিয়াহু বারবার সামরিক পদক্ষেপের জন্য চাপ দিয়ে আসছেন। সমালোচকদের অভিযোগ, তিনি রাজনৈতিক উদ্দেশ্যেই এমনটা করছেন।

চ্যানেল ১৩ নিউজ জানিয়েছে, আইজেনকোটকে দেয়া ব্রিফিংয়ে—যেখানে নেতানিয়াহুর সামরিক সচিব মেজর জেনারেল গাই মার্কিজেনোও উপস্থিত ছিলেন—ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অবস্থান তুলে ধরে বলা হয়েছে, ইরানে আঘাত হানার মতো কোনো জরুরি তাগিদ ইসরাইলের নেই।

তবে প্রতিবেদনে আরো বলা হয়, আইজেনকোটকে জানানো হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবার আমেরিকান হামলা শুরু করেন, তবে ইসরাইলেরও সেই লড়াইয়ে যোগ দেওয়া উচিত।

চ্যানেল ১৩ আরো জানায়, এই ব্রিফিংয়ের ব্যবস্থা করতে আইজেনকোট এবং নেতানিয়াহুর মধ্যে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ মধ্যস্থতা করেছিলেন। অবশ্য, প্রেসিডেন্টের বাসভবন থেকে এতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

নেতানিয়াহু তাকে নিরাপত্তা ব্রিফিং দিতে অস্বীকৃতি জানিয়েছেন—আইজেনকোট প্রকাশ্যে এমন অভিযোগ তোলার এবং অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপ কামনা করার এক দিন পরই এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সময় তিনি জরুরি নয় এমন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে বলেছিলেন, এটি ইসরাইলি গণতন্ত্রের জন্য 'ধ্বংসাত্মক পরিণতি' ডেকে আনতে পারে এবং নিরাপত্তা প্রধানদের 'গুরুতর সাংবিধানিক সংঘাতের' মুখে না ফেলার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

আইজেনকোটের বিবৃতিতে সরাসরি ইরানের নাম উল্লেখ করা না হলেও, নিরাপত্তা প্রধানদের বিরোধিতা সত্ত্বেও নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে চাইছেন—এমন খবরের পরই তিনি ওই মন্তব্য করেছিলেন। 

অন্যান্য প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগেও প্রধানমন্ত্রী একইভাবে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলেন; কিন্তু পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় তখন প্রতিরক্ষা কর্মকর্তারা তাতে বাধা দিয়েছিলেন।

গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং আইনপ্রণেতাদের কাছ থেকে সর্বোচ্চ সুপারিশ পাওয়ার পর রবিবার হারজোগ সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দিয়েছেন। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সরকার ও নিরাপত্তা বাহিনীর ওপর নেতানিয়াহুর নিয়ন্ত্রণ বহাল রয়েছে।

এদিকে, বুধবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'কান'-এর এক পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড সম্প্রতি আমেরিকায় নিযুক্ত আইডিএফ প্রতিনিধিদের ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পুনরায় সংঘাতের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছে।

একটি মার্কিন সূত্রের বরাত দিয়ে সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে, উপসাগরীয় আরব দেশগুলোকেও আবার যুদ্ধ শুরুর সম্ভাবনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমেই এই বার্তা পৌঁছে দেয়া হয়েছে। তবে ট্রাম্প নিজে সাম্প্রতিক দিনগুলোতে নতুন কর যুদ্ধে জড়ানোর সম্ভাবনাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না, একই সাথে কোনো চুক্তি হলো কি না তা নিয়ে তার মাথাব্যথা নেই বলেও জোর দিয়ে আসছেন।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে এই সংঘাত অনেকটা সীমিত পরিসরে হলেও চলমান রয়েছে। ওই হামলার জেরে তেহরান জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই অবরোধ বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে এবং জ্বালানির দাম আকাশচুম্বী করে তুলেছে। 

এর জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করেছে এবং জ্বালানি সরবরাহকে যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে আনতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী তেলবাহী ট্যাংকারগুলোকে ইরানি হামলা থেকে রক্ষা করার কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র : টাইমস অব ইসরাইল