পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি
চিঠি।


বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপে পোশাকশ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৮.৩৪ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.২২ শতাংশ। এমন পরিস্থিতিতে সীমিত আয়ের শ্রমিকদের সংসার চালানো কতটা কঠিন, তা সহজেই অনুমেয়।
পোশাকশ্রমিকদের সর্বনি¤œ মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হয়। কিন্তু জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতায় এই মজুরি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। শ্রমিকরা সর্বনি¤œ মজুরি মাসিক ৩০ হাজার টাকা দাবি করছেন। অন্যদিকে, ৩৫টি শ্রমিক সংগঠনের একটি জোট ৩৭ হাজার ১২৫ টাকা করার প্রস্তাব দিয়েছে। সম্প্রতি সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে। এখনও নতুন মজুরি চূড়ান্ত হয়নি।
এ বাস্তবতায় মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু শিল্পের সক্ষমতা নয়, শ্রমিকের জীবনযাত্রার ব্যয়, পরিবারের মৌলিক চাহিদা এবং মূল্যস্ফীতিকেও গুরুত্ব দিতে হবে। কারণ মজুরি বৃদ্ধি মানেই প্রকৃত জীবনমানের উন্নয়ন নয়; সেই মজুরি দিয়ে একজন শ্রমিক কতটা সম্মানজনক জীবনযাপন করতে পারছেন, সেটিই বড় বিবেচ্য।
এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব গুরুত্বপূর্ণ। নিয়মিত মজুরি পুনর্মূল্যায়ন, সময়মতো বেতন পরিশোধ, অতিরিক্ত কর্মঘণ্টার যথাযথ পারিশ্রমিক, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে কার্যকর আলোচনার পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে বিরোধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান আসে।
শ্রমিকের ন্যায্য মজুরি তার অধিকার। যে শ্রমিকের শ্রমে প্রতিষ্ঠান লাভবান হয়,  অর্থনীতি সমৃদ্ধ হয়, সেই শ্রমিকের জীবনেও সমৃদ্ধির প্রতিফলন প্রত্যাশিত। 
বাঁধন মৈত্র, শিক্ষার্থী, বাংলা বিভাগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

Advertisement