
জ্বালানি সরবরাহ ঠিক থাকলে দেশের অর্থনৈতিক অগ্রগতি হয়, শিল্পায়ন হয়। জনজীবন স্বাভাবিক ও গতিশীল থাকে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এখন স্থিতিশীল নয়। এই পরিস্থিতিতে জ্বালানির নিজস্ব উৎসের সদ্ব্যবহার করা জরুরি। সরকার ইতোমধ্যে সেই উদ্যোগ নিয়েছে।
বড়পুকুরিয়া (নতুন জোন), ফুলবাড়ী, দীঘিপাড়া ও জামালগঞ্জ খনি থেকে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুলবাড়ী খনির কয়লা তোলার ব্যাপারে বিতর্কিত কোম্পানি এশিয়া এনার্জির প্রস্তাব এবং তাদের সাথে সরকারের চুক্তির আইনগত ভিত্তি এখন কতটুকু আছে, তা যাচাই-বাছাই করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া ভোলা থেকে মূল ভূখণ্ড অর্থাৎ- বরিশাল পর্যন্ত পাইপলাইন নির্মাণেরও সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তগুলো বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে দেশের খনিগুলোকে কাজে লাগানোর এই সদিচ্ছা জ্বালানি খাতের স্থবিরতা দূর করতে সহায়ক হবে আশা করা যায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের পাঁচটি কয়লাখনিতে সাত হাজার ৮০০ মিলিয়ন টনের বেশি কয়লার বিশাল মজুদ আছে। অথচ বড়পুকুরিয়া খনি ছাড়া বাকিগুলো থেকে দীর্ঘসময় কয়লা তোলা হচ্ছে না। বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি চাহিদা মেটাতে প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে দুই কোটি টনের বেশি কয়লা আমদানিতে ১১০ কোটি ডলারের বেশি ব্যয় হচ্ছে। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে নিজস্ব কয়লার ব্যবহার বাড়ানোর সিদ্ধান্তটি তাই আশাব্যঞ্জক।
তবে কয়লা তোলার ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য, পানি ব্যবস্থাপনা এবং আইনগত বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। ফুলবাড়ী খনি থেকে কয়লা তোলার ইতিহাস সংবেদনশীল। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা অর্থনৈতিকভাবে লাভজনক। কিন্তু সেটি করতে গিয়ে ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা ভুলে গেলে চলবে না। এশিয়া এনার্জির চুক্তির আইনগত ভিত্তি যাচাইয়ে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়ার বিষয়টি ইতিবাচক।
বড়পুকুরিয়া খনি থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলা হচ্ছে। এর কেন্দ্রীয় অংশের এক ভাগ থেকে তোলা অনেকটা শেষ। এখন কেন্দ্রীয় অংশের উত্তরের দশমিক ৮৬ কিলোমিটার এলাকায় পুনর্ভরণ পদ্ধতিতে উত্তোলনের সুপারিশ করেছে বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানি লিমিটেড। প্রধানমন্ত্রী সেই সুপারিশ অনুমোদন করেছেন। পুনর্ভরণ পদ্ধতিতে মাটির নিচে কয়লা তুলে সেই জায়গা বালি, সিমেন্ট এবং পাথর দিয়ে ভরাট করে দেয়া হবে। যাতে বেশি করে কয়লা তোলা যায়। চীনে এই পদ্ধতি জনপ্রিয় হয়েছে।
দিনাজপুরের দীঘিপাড়া এবং জয়পুরহাটের জামালগঞ্জ খনি উন্নয়নে সম্ভাব্যতা যাচাই করার অনুমোদন হয়েছে। দীঘিপাড়ায় ৮৬৫ মিলিয়ন টন কয়লা মজুদ আছে। জামালগঞ্জে মজুদ আছে পাঁচ হাজার ৪৫০ মিলিয়ন টন কয়লা।
অন্যদিকে, ভোলার গ্যাস সম্পদকে কাজে লাগানোর উদ্যোগও জ্বালানি নিরাপত্তা বাড়াবে। ভোলায় পর্যাপ্ত গ্যাস মজুদ থাকার পরও পাইপলাইনের অভাবে পূর্ণমাত্রায় ব্যবহার করা যাচ্ছিল না। ভোলা থেকে বরিশাল হয়ে মূল ভূখণ্ডে পাইপলাইন নির্মাণ হলে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
জ্বালানি খাতের এই পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে। আমরা আশা করি, সরকারের এই নীতিগত সিদ্ধান্তগুলো যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে বাস্তবায়ন হবে, এগিয়ে যাবে দেশের অর্থনীতি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








