
ডা. হাসান মাহমুদ
শীতের আগমনে প্রকৃতিতে আসে পরিবর্তন। তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে বাড়ে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে বয়স্ক মানুষের জন্য শীতকাল কিছুটা বেশি ঝুঁকিপূর্ণ। বয়স বাড়ার সাথে সাথে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়, তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা হ্রাস পায় এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের জটিলতা বেড়ে যেতে পারে। ফলে শীতের সময় বয়স্কদের একটু বাড়তি যতœ ও সচেতনতা অত্যন্ত জরুরি।
আমাদের দেশে শীতকালে বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদ্রোগ, স্ট্রোক এবং বিভিন্ন ধরনের বাতের ব্যথার প্রকোপ দেখা যায়। পাশাপাশি ঠাণ্ডাজনিত কারণে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়া বা হাইপোথার্মিয়ার ঝুঁকিও থাকে। তাই পরিবারের সদস্যদের উচিত প্রবীণদের স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাপনের প্রতি বিশেষ নজর দেয়া।
কেন বয়স্করা শীতে বেশি ঝুঁকিতে থাকেন?
বয়স বাড়ার সাথে সাথে ত্বকের নিচে চর্বির স্তর কমে যায়। ফলে শরীরের তাপ ধরে রাখার ক্ষমতা হ্রাস পায়। অনেক বয়স্ক মানুষ ঠাণ্ডা অনুভব করার ক্ষমতাও আগের তুলনায় কম অনুভব করেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, কিডনি রোগ ও দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ থাকলে শীতের প্রভাব আরো বেশি হতে পারে।
শীতকালে রক্তনালি সঙ্কুচিত হয়ে রক্তচাপ বেড়ে যেতে পারে। এতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই এসব রোগ রয়েছে। অন্যদিকে ঠাণ্ডা ও শুষ্ক আবহাওয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পায়।
১. শরীর গরম রাখা সবচেয়ে জরুরি
শীতকালে বয়স্কদের শরীর গরম রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরে যাওয়ার সময় গরম পোশাক, সোয়েটার, জ্যাকেট, মোজা, টুপি ও মাফলার ব্যবহার করা উচিত। বিশেষ করে মাথা, কান, হাত ও পা ঢেকে রাখা প্রয়োজন।
একটি মোটা পোশাকের পরিবর্তে কয়েক স্তরের হালকা পোশাক পরা বেশি কার্যকর হতে পারে। ঘরের দরজা-জানালা দিয়ে ঠাণ্ডা বাতাস প্রবেশ করলে তা বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে। তবে ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল নিশ্চিত করতে হবে। ঘর গরম করার জন্য কয়লা বা কাঠ পোড়ানোর মতো অনিরাপদ ব্যবস্থা ব্যবহার করা উচিত নয়। এতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার আশঙ্কা থাকে।
২. পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি
শীতকালে অনেক বয়স্ক মানুষের পানি পান করার প্রবণতা কমে যায়। কিন্তু শীতেও শরীরের পানির চাহিদা থাকে। তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে। তবে যাদের হৃদরোগ বা কিডনি রোগের কারণে পানি গ্রহণে চিকিৎসকের নির্দিষ্ট নির্দেশনা রয়েছে, তাদের সেই নির্দেশনা অনুসরণ করতে হবে।
প্রতিদিনের খাবারে শাকসবজি, মৌসুমি ফল, মাছ, ডিম, দুধ, ডাল ও পরিমিত পরিমাণে প্রোটিন রাখা প্রয়োজন। ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদানসমৃদ্ধ ফলমূল রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতে সহায়ক। অতিরিক্ত তেল, চর্বি, লবণ ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের খাদ্যতালিকা সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে।
৩. নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে সুরক্ষা
শীতকালে বয়স্কদের নিউমোনিয়া একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি। সাধারণ সর্দি-কাশি থেকেও কখনো কখনো গুরুতর শ্বাসতন্ত্রের সংক্রমণ হতে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিস, হৃদরোগ বা দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ রয়েছে, তাদের ঝুঁকি বেশি।
কাশি-হাঁচির সময় মুখ ঢেকে রাখা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা উচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনফ্লুয়েঞ্জা ও নিউমোকক্কাল টিকা নেয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বয়স ও স্বাস্থ্যগত অবস্থা অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় টিকার বিষয়েও চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
জ্বর, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অস্বাভাবিক দুর্বলতা বা বিভ্রান্তি দেখা দিলে অবহেলা করা যাবে না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৪. রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ন্ত্রণ
শীতকালে উচ্চ রক্তচাপের রোগীদের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা প্রয়োজন। ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বন্ধ করা বা পরিবর্তন করা যাবে না।
হৃদ্রোগীদের ক্ষেত্রে বুকে চাপ বা ব্যথা, অতিরিক্ত ঘাম, শ্বাসকষ্ট কিংবা হঠাৎ দুর্বলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। একইভাবে হঠাৎ মুখ বেঁকে যাওয়া, এক হাত বা পা দুর্বল হয়ে যাওয়া অথবা কথা জড়িয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে স্ট্রোকের আশঙ্কা করতে হবে। এ ক্ষেত্রে সময় নষ্ট না করে জরুরি চিকিৎসা নিতে হবে।
৫. নিয়মিত হাঁটাচলা ও শরীরচর্চা
শীতের কারণে অনেক বয়স্ক মানুষ ঘর থেকে বের হতে চান না। এতে শারীরিক নিষ্ক্রিয়তা বাড়ে, যা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের নিয়ন্ত্রণকে কঠিন করে তুলতে পারে। তাই শারীরিক সক্ষমতা অনুযায়ী নিয়মিত হালকা হাঁটাচলা, ঘরের মধ্যে ব্যায়াম ও স্ট্রেচিং করা উচিত।
তবে খুব ভোরে, বিশেষ করে কুয়াশা ও তীব্র ঠাণ্ডার সময় বাইরে হাঁটা এড়িয়ে চলা ভালো। রোদ ওঠার পর আবহাওয়া কিছুটা উষ্ণ হলে হাঁটতে যাওয়া যেতে পারে। যাদের ভারসাম্যের সমস্যা বা হাঁটতে অসুবিধা রয়েছে, তাদের প্রয়োজনে পরিবারের সদস্যের সহায়তা নিতে হবে।
৬. পড়ে যাওয়া ও দুর্ঘটনা প্রতিরোধ
শীতকালে বয়স্কদের পড়ে গিয়ে হাড় ভাঙার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে যাদের অস্টিওপোরোসিস বা হাড়ের ঘনত্ব কমে যাওয়ার সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সামান্য পড়ে যাওয়াও গুরুতর হতে পারে।
ঘরের মেঝে শুকনো ও পরিষ্কার রাখতে হবে। বাথরুমে পিচ্ছিল রোধক ম্যাট, প্রয়োজনীয় হাতল এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করা উচিত। রাতে বিছানা থেকে ওঠার সময় পর্যাপ্ত আলো ব্যবহার করতে হবে। আরামদায়ক ও পিছলে যায় না এমন জুতা ব্যবহার করা ভালো।
৭. মানসিক স্বাস্থ্যের যতœও প্রয়োজন
শীতকালে দীর্ঘ সময় ঘরে অবস্থান করার কারণে অনেক বয়স্ক মানুষ একাকিত্ব, বিষণœতা ও মানসিক অবসাদে ভুগতে পারেন। বিশেষ করে যারা একা থাকেন বা পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকেন, তাদের প্রতি বাড়তি মনোযোগ প্রয়োজন।
পরিবারের সদস্যদের উচিত নিয়মিত তাদের সাথে কথা বলা, সময় কাটানো এবং সামাজিক ও পারিবারিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা। বই পড়া, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড, পছন্দের বিনোদন এবং আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক।
প্রবীণদের যতেœ পরিবারের দায়িত্ব
বয়স্কদের শীতকালীন যতœ শুধু ওষুধ বা গরম পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম, মানসিক প্রশান্তি এবং পরিবারের সদস্যদের সঙ্গ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে যারা একা থাকেন, তাদের প্রতিদিন খোঁজখবর নেয়া প্রয়োজন।
মনে রাখতে হবে, বার্ধক্য কোনো রোগ নয়; এটি জীবনের স্বাভাবিক একটি পর্যায়। তবে এ সময়ে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় বাড়তি যতœ প্রয়োজন। সামান্য সচেতনতা, সময়মতো চিকিৎসা এবং পরিবারের আন্তরিক সহযোগিতা বয়স্কদের শীতকালীন স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমাতে পারে।
আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, আজকের প্রবীণরাই একদিন আমাদের জীবনের পথ তৈরি করেছেন। তাদের সুস্থতা, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা শুধু পারিবারিক দায়িত্ব নয়, সামাজিক দায়িত্বও। একটু যতœ, একটু ভালোবাসা আর সচেতনতায় শীত হোক প্রবীণদের জন্য নিরাপদ ও স্বস্তির।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








