
‘আমাদের জীবন নিয়ে ছেলেখেলা করছেন’—এমন ক্ষোভ ও প্রতিবাদী স্লোগানে তুরস্কের আনতালিয়ায় জাতিসঙ্ঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে বিক্ষোভ করেছেন জলবায়ু সুবিচার কর্মীরা।
উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন অর্থায়ন তিন গুণ করার বিষয়ে আফ্রিকান দেশগুলোর প্রস্তাব সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে স্থান না পাওয়ায় মঙ্গলবার সকালে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ঋণের পরিবর্তে সরকারি অনুদানভিত্তিক অর্থায়ন এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ পৌঁছানোর দাবি জানান।
বিক্ষোভে অংশ নেয় ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ক্যান) ও এশিয়া প্যাসিফিক মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি)। এতে উপস্থিত ছিলেন জলবায়ু প্রচারক হরজিৎ সিং এবং ক্যানের নির্বাহী পরিচালক তাসনিম এসোপ। বিক্ষোভের সমন্বয় করেন গাম্বিয়ার জলবায়ু কর্মী ও ক্যান আফ্রিকার আঞ্চলিক সমন্বয়ক বাবুকার নিয়াং। তিনি আলোচকদের প্রতি আহ্বান জানান, জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে অর্থায়ন নিশ্চিত করতে হবে।
বিক্ষোভকারীরা বলেন, নেপাল ও মোজাম্বিকের মতো দেশের মানুষ ভয়াবহ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হলেও নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না। আন্তর্জাতিক পর্যায়ে অর্থায়নের প্রতিশ্রুতি দেয়া হলেও সেই অর্থ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর হাতে পৌঁছাচ্ছে না। এ ব্যবধান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রার (জিজিএ) সূচক নির্ধারণে গুরুত্ব দেয়া হলেও সেগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ নিশ্চিত করা হচ্ছে না বলে প্রশ্ন তোলেন এক বক্তা। তিনি বলেন, হিমবাহী হ্রদ ফেটে বন্যার ঝুঁকি থেকে নিজেদের রক্ষায় নেপাল যে অর্থ চেয়েছিল, তা কখনো পায়নি। তাহলে এসব সূচক দিয়ে কী হবে?
তিনি আরো বলেন, ‘অভিযোজন বাস্তবায়নের সামর্থ্য না দিলে আপনারা আমাদের জীবন নিয়ে ছেলেখেলা করছেন।’ এ সময় তিনি ঋণের পরিবর্তে সরকারি অনুদানভিত্তিক ও চাহিদানির্ভর অর্থায়নের দাবি জানান। তার যুক্তি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় নতুন করে ঋণ নিতে হলে উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা আরো বাড়বে।
বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘আমরা কী চাই—জলবায়ু অভিযোজন অর্থায়ন। কখন চাই—এখন!’ সম্মেলনের পুরো সময়জুড়ে এ দাবি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
আফ্রিকার প্রস্তাব আটকে গেল :
গতকাল সোমবার আফ্রিকান গ্রুপ অব নেগোসিয়েটরস (এজিএন) উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন অর্থায়ন তিন গুণ করার বিষয়ে আলাদা আলোচ্যসূচি অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়। আফ্রিকান গ্রুপের পক্ষে প্রস্তাবটি উত্থাপন করেছিল ঘানা।
কপ৩১-এর আলোচ্যসূচি গ্রহণের সময় সম্মেলনের সভাপতি মুরাত কুরুম জানান, প্রস্তাবটি নিয়ে পক্ষগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। তবে সম্মেলনের অন্যান্য আলোচনার মধ্যেও বিষয়টি বিবেচনার সুযোগ রয়েছে। কোনো পক্ষের অবস্থানের প্রতি পক্ষপাত না করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। সমঝোতার অংশ হিসেবে অর্থায়ন নিয়ে বিস্তৃত আলোচনার জন্য একটি জলবায়ু অর্থায়ন কর্মসূচি গঠনের সিদ্ধান্ত হয়।
আফ্রিকান দেশগুলোর প্রস্তাবে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০-এ নেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আনুষ্ঠানিক আলোচনার সুযোগ চাওয়া হয়েছিল। ওই প্রতিশ্রুতিতে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার কথা বলা হয়।
আলাদা আলোচ্যসূচি থাকলে এ প্রতিশ্রুতির অগ্রগতি, অর্থায়নের উৎস এবং সংশ্লিষ্ট দেশগুলোর দায়বদ্ধতা নিয়ে সুনির্দিষ্ট আলোচনা ও সিদ্ধান্ত নেয়ার সুযোগ তৈরি হতো। কিন্তু প্রস্তাবটি অনুমোদন না পাওয়ায় বিষয়টি বৃহত্তর অর্থায়ন আলোচনায় কতটা গুরুত্ব পাবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এজিএনের চেয়ার নানা আন্তভি-বোয়াসিয়াকো আমোয়া বলেন, এ ফলাফলে আফ্রিকান গ্রুপ সন্তুষ্ট নয়। তবে অন্যান্য আলোচনার মাধ্যমে বিষয়টি এগিয়ে নেয়ার চেষ্টা করবে তারা। সাংবাদিকদের তিনি বলেন, ‘আলোচনায় সবকিছু পাওয়া যায় না। কিছু পাওয়া যায়।’
অর্থায়ন নিয়ে মতপার্থক্য :
আলোচ্যসূচি গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন দেশের জোটগুলোর অবস্থানে ভিন্নতা দেখা গেছে। যুক্তরাজ্যের প্রতিনিধিত্বে আমব্রেলা গ্রুপ বলেছে, অভিযোজন অর্থায়ন ‘এতিম বিষয় নয়’; সম্মেলনের আলোচনায় এটি যথেষ্ট গুরুত্ব পাবে। ভারত এ ফলাফলে দুঃখ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নও আলোচ্যসূচির কয়েকটি বিষয় পরিচালনার পদ্ধতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, নতুন অর্থায়ন কর্মসূচি যুক্ত করায় কপ৩০-এর সমঝোতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।
এদিকে জলবায়ু কৌশলবিষয়ক প্রতিষ্ঠান ক্লাইমেট স্ট্র্যাটেজিসের প্রকল্পপ্রধান আনা পাওলা গঞ্জালেজ আলোনসো সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে লিখেছেন, সম্মেলনের প্রথম দিনেই আলোচ্যসূচি গ্রহণ করা হলেও অন্তর্নিহিত রাজনৈতিক মতপার্থক্য চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রেখে দেয়া হয়েছে। এতে আলোচনা প্রক্রিয়ার স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার থেকে ন্যায্য রূপান্তর কর্মসূচির (জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম) আলোচনা শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কার্যকর ও বাস্তবতাভিত্তিক ন্যায্য রূপান্তর কাঠামো গড়ে তুলতে আলোচনায় স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
একতরফা জলবায়ু-সম্পর্কিত বাণিজ্য ব্যবস্থারও বিরোধিতা করছে আফ্রিকান গ্রুপ। তাদের আশঙ্কা, এসব নীতির কারণে নির্গমন কমানোর ব্যয় অন্যায্যভাবে উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপিয়ে দেয়া হতে পারে, যদিও জলবায়ু পরিবর্তনের জন্য এসব দেশের দায় তুলনামূলকভাবে কম। এ বিষয়ে আগামী বছরের মন্ত্রী পর্যায়ের সংলাপের আগে দেশগুলো নিজেদের মতামত জমা দেয়ার সুযোগ পাবে।
ঋণ নয়, অনুদান :
আফ্রিকান দেশগুলোর কাছে অভিযোজন অর্থায়নের প্রশ্নটি শুধু অর্থের পরিমাণ বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। অর্থায়নের ধরন, শর্ত, সহজলভ্যতা ও নিশ্চয়তাও তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।
আমোয়া বলেন, অর্থায়ন কর্মসূচির আওতায় প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা যাবে। এ অনুচ্ছেদে উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেয়ার দায়িত্বের কথা বলা হয়েছে।
উন্নয়নশীল দেশগুলোর দাবি, অভিযোজন অর্থায়নের বড় অংশ সরকারি অনুদান ও অত্যন্ত সহজ শর্তে দেয়া অর্থ থেকে আসতে হবে, ঋণ থেকে নয়। কারণ, জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী দেশগুলোকে এর ক্ষতি মোকাবেলায় নতুন ঋণ নিতে হলে তাদের অর্থনৈতিক সঙ্কট আরো গভীর হবে।
আমোয়া ন্যায্য রূপান্তরকে কপ৩১-এর অন্যতম কঠিন আলোচ্য বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, কিছু উন্নত দেশের মধ্যে এ বিষয়ে দ্বিধার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘আমি আগেই দেখতে পাচ্ছি, এখানে লড়াই হবে। তবে আমরা প্রস্তুত।’
সুর মেলাল বাংলাদেশও :
উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন অর্থায়ন তিন গুণ করার দাবিতে বাংলাদেশের অবস্থানও জোরালো। জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা, অভিযোজন কার্যক্রমে অর্থায়ন এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষাই বাংলাদেশের দাবির কেন্দ্রে থাকবে। পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাবে।
নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা ও ঘন ঘন বন্যাসহ জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে বাংলাদেশের মানুষের জীবিকা, খাদ্যনিরাপত্তা ও মৌলিক সেবা হুমকির মুখে। এসব ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত ও সহজলভ্য অর্থায়নের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন।
বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় নতুন ঋণের বোঝা দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।
আনতালিয়ার বিক্ষোভ থেকে জলবায়ু আলোচকদের প্রতি কর্মীদের বার্তা স্পষ্ট—অভিযোজনের অগ্রগতি শুধু প্রতিশ্রুতি বা নতুন সূচক নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রতিশ্রুত অর্থ জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের কাছে পৌঁছাতে হবে। তাদের জীবন ও জীবিকা সুরক্ষায় বাস্তব পদক্ষেপ নিতে হবে। শেষ পর্যন্ত কপ৩১-এর সাফল্য নির্ভর করবে প্রতিশ্রুত অর্থ কতটা বাস্তবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাজে আসে, তার ওপর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








