পাকিস্তান, শ্রীলঙ্কা
পাকিস্তানের ইনিংস ঘোষণার পর শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১১৪। সংগৃহীত

অভিষিক্ত পেসার সাকিব খানের ২ উইকেট প্রাপ্তিতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১১৪ রান নিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ৯ উইকেটে ৪৩৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে।

Advertisement

দ্বিতীয় ওভারে দিনেশ চান্দিমালকে ১ রানে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট দখল করেন সাকিব। পরে সেট হয়ে যাওয়া লাহিরু উদারাকে ৪২ রানে আউট করলে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৫ রান।

অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার পাসিন্দু সুরিয়াবান্দারাকে শূন্য রানে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে প্রথম সাফল্য এনে দেন পাকিস্তানকে।

দিনের খেলা শেষে ৪০ রানে কামিন্দু মেন্ডিস এবং ২২ রানে অপরাজিত ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসে এখনো ৩২০ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই খারাপ আলোর কারণে দিনের খেলা বন্ধ হয়ে যায়।

দিনের শেষ দিকে ৮৪তম ওভারে স্পিনার আরাফাত মিনহাসের বলে জীবন পান ডি সিলভা। তাকে ক্যাচ দিতে পারেননি মিনহাস।

সাকিব ৫৪ রানে ২ উইকেট নেন। আব্বাসের শিকার ২৩ রানে ১ উইকেট।

এর আগে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিল সেঞ্চুরি থেকে মাত্র সাত রান দূরে থাকতে আউট হন। আসিথা ফার্নান্দোর বলে ভুল টাইমিংয়ে হুক করতে গিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন তিনি। এই ইনিংসে এটি ছিল কুশলের পঞ্চম ক্যাচ।

শাকিলের উইকেটটি ছিল ২৯ টেস্টে ফার্নান্দোর শততম শিকার। ১৯৯ বলের ইনিংসে নয়টি বাউন্ডারি হাঁকান শাকিল।

আগের দিন ৫ উইকেটে ২৮১ রান নিয়ে শেষ করা পাকিস্তানকে এগিয়ে নেন শাকিল। ষষ্ঠ উইকেটে গাজী ঘোরির সাথে ৯৬ রানের দৃঢ় জুটি গড়েন তিনি। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৪৮ রান করেন ঘোরি।

টেস্টে পঞ্চম সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেন শাকিল, ‘হ্যাঁ, কোনো মাইলফলক ছুঁতে না পারলে হতাশ লাগে এবং বিষয়টি খারাপও দেখায়। তবে আরাফাতের অর্ধশতকের অবদানে আমরা ভালো সংগ্রহ পেয়েছি।’

শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ জর্ডান গ্রেগরি আশা প্রকাশ করেন, পাকিস্তানের সংগ্রহের সাথে পাল্লা দিতে তার দলের ব্যাটাররা দৃঢ়তার পরিচয় দেবেন।

গ্রেগরি বলেন, ‘আমাদের সেশন ধরে ধরে ম্যাচটি এগিয়ে নিতে হবে। আশা করি, কামিন্দু ও ডি সিলভার জুটি দীর্ঘ হবে এবং তারা ম্যাচে লড়াই ফিরিয়ে আনতে পারবে। কারণ, এই পিচে ফল পাওয়ার মতো যথেষ্ট উপাদান রয়েছে।’

অভিষিক্ত মিনহাসও দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে ৫২ রান করেন। ইনিংসে এটি ছিল পাকিস্তানের পঞ্চম অর্ধশতক। তার ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও একটি ছক্কা।

দ্রুত উইকেট তুলে নেয়ার আশা করেছিল শ্রীলঙ্কা। তবে শক্ত ও সবুজাভ পিচে তেমন সুবিধা করতে পারেনি তারা। ৮০ ওভার পর দ্বিতীয় নতুন বল নিয়েও সাফল্য পায়নি সফরকারীরা।

শেষ পর্যন্ত দিলশান মাদুশঙ্কা ঘোরিকে গালি অঞ্চলে ক্যাচ দিতে বাধ্য করলে জুটি ভাঙে।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে পেসার ফার্নান্দো ও মাদুশঙ্কা সবচেয়ে সফল ছিলেন। দুজনই তিনটি করে উইকেট নেন।

দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ১৭ নভেম্বর লাহোরে শুরু হবে।