
উন্নয়ন পরিকল্পনায় প্রয়োজন নির্ভরযোগ্য পরিবেশগত তথ্য, স্থানীয় অভিজ্ঞতা ও জনমতের সমন্বয়। উন্নয়ন মানে শুধু অর্থ ব্যয়, অবকাঠামো নির্মাণ কিংবা মানুষের হাতে ঋণ তুলে দেয়া নয়। উন্নয়নের সাথে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, সামাজিক বাস্তবতা এবং মানুষের জীবনযাত্রার গভীর সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
আর পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো: মশিয়ার রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীভাঙন, বাস্তুচ্যুতি, শহরমুখী মানুষের চাপ, বস্তি ও সামাজিক বিরোধের মতো সমস্যা তৈরি হচ্ছে। ফলে জলবায়ু সঙ্কট এখন আর কেবল পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তা অর্থনীতি, সমাজ এমনকি রাজনীতিরও গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।
রাজধানীর শ্যামলীস্থ পিকেএসএফ’র অফিসের উদ্যোগে মঙ্গলবার অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের জন্য জলবায়ু বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: মশিয়ার রহমান এই কথাগুলো বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-মহাব্যবস্থাপক দীপেন কুমার সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিকেএসএফ’র সহকারী মহাব্যবস্থাপক সুহাস শংকর চৌধুরী।
ইআরএফ-এর ২৫ জন সদস্যের অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপট, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, নিরাপদ পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু-সহনশীল জীবিকা নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি, জলবায়ু সাংবাদিকতায় তথ্যনির্ভরতা, তথ্যের যথার্থতা যাচাই ও জবাবদিহির বিষয়েও গুরুত্ব দেয়া হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর অংশগ্রহণকারী সাংবাদিকরা সাতক্ষীরায় পিকেএসএফ-এর জলবায়ু-সহনশীল আবাসন, জীবিকা ও নিরাপদ পানি সংক্রান্ত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।
মো: মশিয়ার রহমান বলেন, এ পরিস্থিতিতে উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়নে শুধু তথ্য-উপাত্ত নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরিবেশগত তথ্য, স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা এবং জনগণের মতামত। একইসাথে উন্নয়ন কার্যক্রমে পরিবেশের ক্ষতি কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, উন্নয়নকে এখন আর বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। সরকার এককভাবে সব সমস্যার সমাধান করতে পারবে না। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, গবেষক এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আর বক্তাদের মতে, উন্নয়নসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে গণমাধ্যমের ভূমিকা কেবল তথ্য প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং অনুসন্ধানী প্রতিবেদন, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং স্থানীয় পর্যায়ের কার্যকর সমাধান তুলে ধরার মধ্য দিয়ে উন্নয়ন প্রক্রিয়াকে আরো বাস্তবমুখী করতে পারে গণমাধ্যম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








