
দেশের প্রত্যন্ত অঞ্চলের টং দোকান থেকে শুরু করে শহরের অভিজাত এলাকা- সর্বত্র বিস্তার ঘটছে অনলাইন জুয়ার। প্রযুক্তির সহজলভ্যতা, কৌতূহল, দ্রুত অর্থ উপার্জনের প্রলোভন এবং যথাযথ নজরদারির অভাব এ প্রবণতাকে রূপ দিয়েছে এক নীরব মহামারীতে। অনলাইন জুয়ার ফাঁদে পড়ে তরুণ থেকে বৃদ্ধ- বিভিন্ন বয়সের মানুষ আর্থিকভাবে নিঃস্ব হচ্ছেন। ঋণগ্রস্ততা, পারিবারিক অশান্তি, মানসিক বিপর্যয় এমনকি আত্মহত্যা ও হত্যার মতো অপরাধের সাথেও জুয়ার সংশ্লিষ্টতা উঠে আসছে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে ৫০ লক্ষাধিক মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। যথাযথ পদক্ষেপ নেয়া না হলে ২০২৭ সালের মধ্যে এ সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যেতে পারে। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত এই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে অনলাইন জুয়ার বাজার বর্তমানে প্রায় ৮৩০ কোটি টাকা (৬২-৬৮ মিলিয়ন মার্কিন ডলার)। প্রতি বছর এ বাজার ৪ দশমিক ৭ থেকে ৬ দশমিক ১ শতাংশ হারে বাড়ছে।
অনলাইন জুয়ার বিস্তার রোধে গত ৩০ জুন জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। এ আইনের আওতায় অনলাইন জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং, ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পরিচালিত জুয়াসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত। তবে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়; এর কার্যকর প্রয়োগ, অপরাধীদের শনাক্তকরণ এবং জুয়ার ডিজিটাল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ জরুরি।
আইন প্রয়োগের পাশাপাশি প্রযুক্তিগত নজরদারি, আর্থিক লেনদেনের স্বচ্ছতা, অনলাইন প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি এবং জনসচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে জুয়ার পরিণতি সম্পর্কে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মানুষকে অনলাইন জুয়া থেকে রক্ষা করা যেতে পারে।
আরাফাত আরিফিন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








