
সিংড়ায় মাছচাষিকে গুলি
সিংড়ার চলনবিলে পাখি শিকারে বাধা দেয়ায় শহিদুল ইসলাম (৪০) নামের এক মাছচাষিকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক সজিব ইসলামের বিরুদ্ধে। গত শুক্রবার সকালে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চক আদিত্য খড়পাড়া পুকুরপাড়ে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় মাছচাষি শহিদুল ইসলামকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মৃত জসমত আলীর ছেলে। আর পাখি শিকারি সজিব ইসলাম একই গ্রামের শাহীন মেকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে যুবক সজিব ইসলাম তার পিতার ইয়ারগান নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলামের পুকুরে পাখি শিকারে যায়। পাখি শিকারে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবক সজিব ইসলাম তার হাতে থাকা ইয়ারগান দিয়ে ওই মাছ ব্যবসায়ীর পাঁজরে গুলি করেন। সিংড়া (নাটোর) সংবাদদাতা।
কুষ্টিয়ায় ১০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার
কুষ্টিয়া সীমান্তে পৃথক দু’টি অভিযান চালিয়ে ১০ লাখ ৬৫ হাজার ৯৮৫ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। গত শুক্রবার বিকেল ও রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ ঠোটারপাড়া ও শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দৌলতপুর উপজেলার হাতিশালা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মো: আল আমিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ৯৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৯ হাজার ৪০০ টাকা। অপর দিকে, রাত ১১টার দিকে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা উত্তর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও অন্যান্য চোরাচালানি পণ্য উদ্ধার করে বিজিবি। এর মধ্যে রয়েছে ১৩ বোতল ফসফেটস ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ, দুই হাজার ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, এক হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২০৭ প্যাকেট পাতার বিড়ি। এসব পণ্যের আনুমানিক মূল্য ১০ লাখ ৩৬ হাজার ৫৮৫ টাকা। দু’টি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক মূল্য ১০ লাখ ৬৫ হাজার ৯৮৫ টাকা। কুষ্টিয়া প্রতিনিধি।
সুন্দরবনে জোনাব বাহিনীর প্রধান গ্রেফতার
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করেছে এসআরবি-৬। গত শুক্রবার রাতে খুলনা মহানগরীর কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জোনাব আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। এসআরবি-৬ এর কমান্ডার লে. কর্নেল নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১১টার দিকে এসআরবি স্পেশাল কোম্পানির একটি দল খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয় সুন্দরবনের ত্রাস ও কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে আটক করে। তাকে নগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। খুলনা ব্যুরো।
পূর্ব সুন্দরবনে পর্যটক নিখোঁজ
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে রিয়াজ ঢালী নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। গত শুক্রবার বিকেলে সাগরে নেমে পড়লে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাঠালী পশ্চিমপাড়া গ্রামের আবুল বাশার ঢালীর পুত্র। কোস্টগার্ড ও জেলে সূত্রে যায়, পশ্চিম সুন্দরবনের শ্যামনগরের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন থেকে সকালে পাস নিয়ে হিরন পয়েন্ট ও নিলকমল হয়ে ইকো ট্যুরিজম নামে একটি পর্যটকবাহী লঞ্চে ২০ জনের একটি টিম শুক্রবার দুপুরে দুবলারচরের আলোরকোলে পৌঁছে। তাদের মধ্যে তিন জন ট্যুরিস্ট সাগরের পানিতে নেমে পড়েন। এসময় পানির তোড়ে পর্যটক রিয়াজ ভেসে যায়। শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা।
বিআরটিসি বাসে অগ্নিসংযোগ
খাগড়াছড়িতে সড়কের পাশে পার্কিং দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। গতকাল শনিবার ভোরে মহাজন পাড়া এলাকায় পার্কিংয়ে থাকা অবস্থায় বিআরটিসির একটি বাসে আগুনের সূত্রপাত হয়। জানা যায়, ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচলকারী বাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় ভেতরে ঘুমিয়ে থাকা বাসের হেলপার দ্রুত বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টার আগে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনে। বাসের পেছন দিকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রকৃত কারণ এখনো জানা যায়নি। খাগড়াছড়ি প্রতিনিধি।
কাউখালীতে ইউএনও পরিচয়ে প্রতারণা
পিরোজপুরের কাউখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয় দিয়ে সরকারি অনুদানের প্রলোভন দেখিয়ে এক বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে ৪২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। মুক্তিযোদ্ধাদের ঘর মেরামতের জন্য সরকারি অনুদান দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে এ টাকা হাতিয়ে নেয়া হয়। একই কায়দায় উপজেলার আরো এক বীর মুক্তিযোদ্ধার কাছেও টাকা দাবি করেছে চক্রটি। গত শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বড় বিড়ালজুরি ও কচুয়াকাঠি এলাকায় এ প্রতারণার ঘটনা ঘটে। প্রতারণার শিকার বীর মুক্তিযোদ্ধার নাম খাইরুল আলম ফিরোজ (৭৫)। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা খাইরুল আলম ফিরোজ জানান, শুক্রবার সকালে বিড়ালজুরি ওয়ার্ডের ইউপি সদস্য আজম আলী খান তাকে জানান, মুক্তিযোদ্ধাদের ঘর মেরামতের জন্য সরকারি অনুদানের টাকা এসেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয়ে ০১৩১৯৬৭৯০৪৩ নম্বর থেকে যোগাযোগ করতে বলা হয়।পরে ওই নম্বরে ফোন করলে অপর প্রান্তের ব্যক্তি নিজেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে জানান, মুক্তিযোদ্ধাদের ঘর মেরামতের জন্য দুই লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দের টাকা পেতে ফাইল প্রস্তুত ও অন্যান্য খরচ বাবদ ০১৮৮১৪২১৭৬৮ নম্বরে তাৎক্ষণিক ৪২ হাজার টাকা পাঠাতে হবে। তার কথায় বিশ্বাস করে কোনো কিছু যাচাই না করেই বিকাশের মাধ্যমে ওই নম্বরে ৪২ হাজার টাকা পাঠিয়ে দেন তিনি। পরে খোঁজখবর নিয়ে বুঝতে পারেন, তিনি প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
চাঁদপুরে শহীদ স্মৃৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছেন দুর্বৃত্তরা। চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে গত শুক্রবার এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেয়া আগুনে স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের থেকে জানা যায়, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা ঘটনাস্থল থেকে সরে যান। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি।
সিলেটে শটগান, গুলি ও মাদক জব্দ
সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় একটি একনালা ও একটি দুইনালা শটগান, পাঁচ রাউন্ড গুলি, ১৪৪ বোতল ভারতীয় মদসহ প্রায় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির বিশেষ অভিযানে এসব চোরাইপণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্র জানিয়েছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৮ বিজিবির একটি বিশেষ অপারেশন দল প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনালা শটগান, একটি দুইনালা শটগান, পাঁচ রাউন্ড গুলি ও ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই রাতে সীমান্তবর্তী অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যও জব্দ করা হয়। জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ টাকা। সিলেট ব্যুরো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








