দুমকিতে সরকারি জমি দখল করে কবরস্থান নির্মাণ

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর দুমকিতে সরকারি রেকর্ডীয় হালট দখল করে পারিবারিক কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সিকদারসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ। এতে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকা প্রতিনিধি ও দুমকি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: কামাল হোসেনের পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। 
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার লেবুখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আঠারগাছিয়া গ্রামের শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। 
ভুক্তভোগী সাংবাদিক কামাল হোসেন অভিযোগ করেন, আঠারগাছিয়া মৌজার ১৫০২ নম্বর প্লটের সরকারি হালটটি  কার্তিকপাশা ও আঠারগাছিয়া গ্রামের জন সাধারণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে কবরস্থান নির্মাণ করে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সমাধান করার কথা বলেন। কিন্তু পরদিন জব্বার শিকদার ও তার ভাই খোকন শিকদার লোকজন নিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে দেয়াল নির্মাণের কাজ অব্যাহত রাখে। এমতাবস্থায় আমার বৃদ্ধ মা, স্ত্রী সন্তান নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্থানীয়দের দাবি, সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের ফলে সাধারণ মানুষের চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। জমির মালিকানা ও ব্যবহারের বিষয়ে ভিন্ন দাবি করেছেন অভিযুক্ত বিএনপি নেতা আবদুল জব্বার সিকদার ও তার ভাই আবু সালেহ খোকন। তাদের দাবি সরকারি হালট হলেও জায়গাটি তাদের বাপ-দাদার আমলের পারিবারিক কবরস্থান, তাই কবরস্থানের নিরাপত্তায় সীমানাপ্রাচীর নির্মাণ করা তাদের নৈতিক দায়িত্ব।
দুমকি থানার ওসি সেলিম উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। নিষেধ অমান্য করে কাজ করলে আইনি পদক্ষেপ নেয়া হবে। 
ইউএনও (ভারপ্রাপ্ত) আবু মুছা বলেন, ইতোমধ্যে তহশিলদারকে ঘটনাস্থলে পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। সরকারি জমি থাকলে উচ্ছেদ করা হবে।

Advertisement