খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল
খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু। নয়া দিগন্ত
ads

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর ঐতিহ্যবাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) ‘সেন্টেনারি জুবিলি সেলিব্রেশন-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাসপাতালের শত বছরের সেবামূলক কর্মকাণ্ড, অর্জন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মহানগরীর শ্রীপুরামপুরে হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘মানুষের সেবার মহান ব্রত নিয়ে খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। সুনাম ও আস্থার সাথে চিকিৎসাসেবা পরিচালনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। শত বছরের এই গৌরবময় পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে। স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেয়া হয়েছে। খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে মেডিক্যাল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’ 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘হাসপাতালটি শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের অন্যতম আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। দেশের মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। একটি আধুনিক, মানবিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে উন্নত অবকাঠামোর পাশাপাশি মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জরুরি।’

তিনি বলেন, ‘রাজশাহীকে উন্নত, পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। শত বছর ধরে খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রয়েছে। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসাসেবায় হাসপাতালটির ভূমিকা অনুকরণীয়।’ 

শতবর্ষের এই অর্জনকে ধারণ করে প্রতিষ্ঠানটি আগামী দিনেও আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবায় আরো এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। হাসপাতালটির উন্নয়নেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্চ অব বাংলাদেশের ঢাকা ডায়োসিসের মডারেটর ও বিশপ এবং খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দ্য মোস্ট রেভারেন্ড স্যামুয়েল এস. মানখিন। বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল।

অনুষ্ঠানে খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, সুধীজনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।