অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। ক্রিকইনফো
ads

জেমি ওভারটনের পাঁচ উইকেট প্রাপ্তিতে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। শুক্রবার উলংগাব্বায় ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মুখে ১৬.৫ ওভারে মাত্র ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ব্যাটিং ধসের নেতৃত্ব দেন ওভারটন।

শুরুতেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ৮ বলে ১১ রান করে আউট হন। জেক ফ্রেজার-ম্যাকগার্ক ১১ বলে ২২ রান করেন, যেখানে ছিল একটি চার ও দুটি ছক্কা।

স্যাম হার্পার কিছুটা প্রতিরোধ গড়ে ১৪ বলে ২৬ রান করেন। তার ইনিংসে ছিল একটি চার ও তিনটি ছক্কা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় কোনো জুটি গড়তে পারেনি অস্ট্রেলিয়া।

নিকিল চৌধুরী ২২ বলে ১৯ এবং মিচেল ওভেন ১৩ বলে ১৭ রান করেন। ওভেনের ইনিংসে ছিল একটি চার ও একটি ছক্কা। টিম ডেভিড (৬) ও জোয়েল ডেভিস (৩) উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ফলে ইনিংসে গতি পায়নি অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন ওভারটন। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। লিয়াম ডওসন ৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। স্যাম কারান ১.৫ ওভারে ১৭ রান দিয়ে পান ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৩ উইকেটে ৫৩ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে লক্ষ্য পুনঃনির্ধারণ করা হয়।

বৃষ্টির পর ১৭ ওভারে ইংল্যান্ডের নতুন লক্ষ্য দাঁড়ায় ৯৮ রান। অর্থাৎ ৬৬ বলে আরো ৪৫ রান করতে হতো সফরকারীদের। পরে আরেক দফা লক্ষ্য সংশোধন করে ১৬ ওভারে ৯৩ রান নির্ধারণ করা হয়। ফলে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল আরও ৪০ রান।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৩ বলে ৩২ রান করেন আনিউরিন ডোনাল্ড। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা। জর্ডান কক্স ১৪ বলে অপরাজিত ৩৩ রান করে জয় নিশ্চিত করেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা।

ফিল সল্ট ৭ বলে ৫ রান করে ফেরেন। অধিনায়ক হ্যারি ব্রুক ৮ বলে ৯ রান করে রাইলি মেরেডিথের শিকার হন। ডোনাল্ডের বিদায়ে বৃষ্টির বিরতির আগে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪৯ রান।

তবে টম ব্যান্টন এবং কক্স আর কোনো বিপদ হতে দেননি। নবম ওভারেই লক্ষ্য পেরিয়ে ৭ উইকেটের জয় নিশ্চিত করে ইংল্যান্ড। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।