রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই কার্পেটিং

এনামুল হক রাজাপুর (ঝালকাঠি)
ঝালকাঠির রাজাপুর উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নে নতুন একটি সড়ক নির্মাণের কাজ চলছে। তবে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়কের ঠিক মাঝখানে পল্লী বিদ্যুতের একটি খুঁটি রেখেই কাজ শুরু করায় বড় ধরনের দুর্ঘটনা ও যানজটের শঙ্কা দেখা দিয়েছে। এতে চরম ক্ষোভ ও উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, উপজেলার সাংগরহাট থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতাল এবং ইউনিয়ন ভূমি অফিসের সামনে দিয়ে গোপালপুর হয়ে জগাইরহাট বাজার পর্যন্ত নতুন সড়কটির নির্মাণকাজ চলছে। কিন্তু ইউনিয়ন ভূমি অফিসের ঠিক সামনে সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের একটি পুরনো খুঁটি রয়েছে। খুঁটিটি অপসারণ না করেই যদি সড়কটির কার্পেটিং বা নির্মাণকাজ সম্পন্ন করা হয়, তবে তা চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়বে।
এলাকাবাসী জানান, সড়কটি চালু হলে প্রতিদিন শত শত ইজিবাইক, অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন চলাচল করবে। কিন্তু মাঝখানে এই খুঁটিটি থাকায় নিয়মিতই ছোট-বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাতের বেলা বা কুয়াশার সময় দ্রুতগতির যানবাহনগুলো নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে। এ ছাড়া জরুরি প্রয়োজনে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি চলতেও চরমভাবে বাধাগ্রস্থ হতে পারে।
এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগ ও সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কের মাঝখানে থাকা ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে রাজাপুর ইউএনও, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এবং পল্লী বিদ্যুত সমিতির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের দাবি, সড়কের নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই যেন খুঁটিটি যথাস্থানে সরিয়ে নেয়ার প্রয়োজনীয় ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক।

Advertisement