
অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার উইল ও’রুর্ক। তবে ঘোষিত দলে আপাতত জায়গা হয়নি মিচেল স্যান্টনারের।
হ্যামস্ট্রিং ও কাফের চোটের কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খেলতে পারেননি ও’রুর্ক। অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সি উইকেটে তাকে কার্যকর মনে করছে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
১৪ টেস্টে ২৪.৫৫ গড়ে ৪৯ উইকেট নেয়া এই পেসারকে ফেরাতে পেরে উচ্ছ্বসিত অধিনায়ক টম ল্যাথাম।
দলে সাত পেসার রেখেছে নিউজিল্যান্ড। অভিজ্ঞ ম্যাট হেনরির সাথে আছেন কাইল জেমিসন, মাইকেল রে, ম্যাট ফিশার, নাথান স্মিথ, জ্যাকব ডাফি ও ও’রুর্ক।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাত ভাঙায় আপাতত দলে নেই স্যান্টনার। তবে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে তার যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞ স্পিনার না থাকলেও স্পিনে গ্লেন ফিলিপসকে সহায়তা করবেন ডিন ফক্সক্রফট।
আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে হবে বাকি তিন ম্যাচ। মেলবোর্নের বক্সিং ডে টেস্টটি হবে ল্যাথামের ক্যারিয়ারের শততম টেস্ট।
নিউজিল্যান্ডের টেস্ট দল : টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রে, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়ং।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









