
নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন করে ঢাকা ও সিলেট বিভাগের। আর নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৯ জন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্তদের মধ্যে ৯৮৮ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৬১ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৩ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৬৩ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১৭৫ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে দুই লাখ ৩৭ হাজার ৭০২ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৪ হাজার ৩৫৫ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৬২ হাজার ৫৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১১ হাজার ৮৬৫ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন দুই লাখ তিন হাজার ২৫৭ জন। চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৯৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৯, চট্টগ্রামে ১২৪, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৯১, বরিশালে ৮৯, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
সিলেটে ফের ২ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে হামে দুই দিন মৃত্যুহীন থাকার পর ফের আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যাওয়া ১১ মাসের শিশু রিহাম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এবং ৮ মাসের রাফসান সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।
একই সময়ে সিলেটে নতুন করে আরো ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। আর উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৪২ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৪৯ জন। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৬৭ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২১০, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








