স্বর্ণ, চোরাচালান, জব্দ, গ্রেফতার, মামলা, রূপা, প্রাইভেটকার, ভারত, মোবাইল ফোন, কোতোয়ালু থানা, পাচার
বিজিবির অভিযানে উদ্ধার স্বর্ণের বার। নয়া দিগন্ত
ads

যশোরে অভিযান চালিয়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের এক কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় তিন কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন। ভোরে যশোর-নড়াইল মহাসড়কে ঝুমঝুমপুরে এলাকায় যশোর ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে থেকে স্বর্ণসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) ও একই উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ৪৯ বিজিবির ১ নম্বর গেইটের সামনে পাকা রাস্তার ওপর হতে তিন আসামিসহ এক কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার ও একটি প্রাইভেটকার আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালু থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, উদ্ধার স্বর্ণের মূল্য তিন কোটি ৫৬ লাখ টাকা। এ সময় সাত হাজার টাকা মূল্যের ২৩ গ্রাম রূপা, ৩২ লাখ টাকা দামের একটি প্রাইভেটকার, ৪৮ হাজার টাকা দামের চারটি মোবাইল ফোন, তিন হাজার টাকার দুটি হাত ঘড়ি ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়।