পাটাতনবিহীন সেতু ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশু ও স্থানীয় বাসিন্দারা
পাটাতনবিহীন সেতু ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশু ও স্থানীয় বাসিন্দারা। নয়া দিগন্ত
ads

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের মিয়ারচর খালের উপর নির্মিত লোহার সেতুটি প্রায় তিন বছর ধরে বেহাল অবস্থা। সেতুর পাটাতন ভেঙে খুলে পড়ায় রডের উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে মিয়ারচর খালের উপর সেতুটি নির্মাণ করা হয়। পরে পানির স্রোতে খালে ভাঙন সৃষ্টি হওয়ায় সেতুর খুঁটি দেবে যায় এবং পাটাতনে ফাটল ধরে। একপর্যায়ে সেতুটির কংক্রিটের অংশ খুলে পড়তে শুরু করে।

সেতুটি দিয়ে প্রতিদিন নাজিরপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ, মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়, মিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়ারচর দাখিল মাদরাসা ও নুরানি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যাতায়াত করে। পাটাতন না থাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুশিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দা আলী আজগর বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পাটাতন খুলে যাওয়ায় লোহার কাঠামোর উপর দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। দ্রুত নতুন সেতু নির্মাণের পাশাপাশি আপাতত অস্থায়ী পারাপারের ব্যবস্থা করা প্রয়োজন।

মিয়ারচর গ্রামের জাফর হাওলাদার বলেন, নির্মাণের কয়েক বছরের মধ্যেই সেতুর খুঁটি দেবে যায়। নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়ে সেতুটি ভাঙা হলেও কাজ আর এগোয়নি। বর্তমানে শুধু লোহার কাঠামো অবশিষ্ট রয়েছে। সেটির ওপর দিয়েই সবাই চলাচল করে।

নুরানি কিন্ডারগার্টেনের এক শিক্ষার্থীর মা জাহানারা বেগম বলেন, বাচ্চাকে স্কুলে পাঠিয়ে সার্বক্ষণিক পেরেশানিতে থাকি কখন কী ঘটনা ঘটে যায়। বাড়ি না আশা পর্যন্ত দুশ্চিন্তায় থাকি। সেতুটি দ্রুত মেরামত করে সকলের পারাপারের ব্যবস্থা করা দরকার।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো: মুসা সিকদার বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় এলাকার মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণ করা হলে মানুষের ভোগান্তি কমবে।

নাজিরপুর ইউনিয়নের প্রশাসক ও মুলাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, নথি অনুযায়ী, ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছিল। খালের স্রোতে কয়েক বছর আগে খুঁটি দেবে যাওয়ায় পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। পরে সেতুটি ভেঙে সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শেষ করা হবে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: গোলাম সরওয়ার বলেন, দ্রুতই সেতুটির সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।