
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তিন দফায় মোট ১০ দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার তিন দিনের তৃতীয় দফার রিমান্ড শেষ হলে পুলিশ আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায়। শুনানি শেষে বিচারক মো: মনিরুল ইসলাম আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলাহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী সংস্থা নৌপুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আদালতে পেশ করা আবেদনে জানান, তিন দফায় টানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও আসামি দীপ অত্যন্ত চতুরতার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। তবে সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনের কল ডেট রেকর্ড (সিডিআর) পর্যালোচনায় নিশ্চিত হওয়া গেছে যে, নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঠিক আগে নিহত তাহসিফের সাথে ছিলেন দীপ এবং তাদের আরেক বান্ধবী জেরিকা তাসনিম দিশা।
আদালত সূত্রে জানা যায়, সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসামি হিসেবে গ্রেফতার হওয়ার পর আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শনিবার তৃতীয় দফার তিন দিনের রিমান্ড মেয়াদ শেষ হওয়ার পর নৌপুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামিকে বিচারিক আদালতে হাজির করেন।
আদালতে শুনানিকালে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন জানান। অন্য দিকে রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জামিনের জোরালো বিরোধিতা করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি পর্যালোচনা করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা পরিদর্শক ফিরোজ উদ্দিন আদালতে জমা দেয়া প্রতিবেদনে উল্লেখ করেন যে, তিন দফার রিমান্ডে জিজ্ঞাসাবাদে আহমেদ শাহরিয়ার রেজা দীপ মামলাকেন্দ্রিক একাধিক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন। তবে তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের শনাক্তকরণের লক্ষ্যে ওই তথ্যগুলো আপাতত গোপনে রেখে গভীর অনুসন্ধান ও যাচাই-বাছাই করা হচ্ছে।
উল্লেখ, গত ২৭ অক্টোবর আহমেদ শাহরিয়ার রেজা দীপের ফোনে বাসা থেকে বের হন সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি। এরপর নিখোঁজের পরদিন ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌপুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








