
নয়া দিগন্ত ডেস্ক
দেশে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিশ মশাবাহিত এ রোগে এ পর্যন্ত মোট মৃত্যু ৪৫৮ জনে পৌঁছেছে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে এক হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে নিহতদের মধ্যে নভেম্বরে প্রথম সপ্তাহে মারা গেছেন ৩৫ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৭ হাজার ৫৮০ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪১ হাজার ২৯৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭১৪ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ৩১১ জন, খুলনায় ১৯০ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১৫৩ জন, ময়মনসিংহে ৫০ জন, রংপুরে ৬০ জন এবং সিলেট বিভাগে ২১ জন রোগী ভর্তি হয়েছেন।
সিলেটে আরো ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন ৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর এ বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৯ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঁচ ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।
চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ১ নভেম্বর সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা ৫৪ বছর বয়সী নুরুল আলম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








