ঢাবি ভিসির সাথে জর্দানের মিডল ইস্ট ইউনিভার্সিটির সাবেক প্রোভিসির সাক্ষাৎ


জর্ডানের মিডল ইস্ট ইউনিভার্সিটির সাবেক প্রোভিসি এবং ‘আত-তানাল আল-আরাবি’ (আরবি ভাষাভাষী ও অ-আরবি ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা দক্ষতা যাচাই পরীক্ষা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবদেলরাউফ জুহদি হুসাইন মুস্তফা গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় তার সাথে ছিলেন ইলানুর ইনস্টিটিউটের মাস্টার ট্রেইনার ড. মাহমুদুল হাসান ইউসুফ, ইলানুর এডিফিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব:) এ কে এম আহসান হাবিব এবং একই প্রতিষ্ঠানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: নুরুজ্জামান।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবি ভাষা শিক্ষা কোর্সের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. আবদেলরাউফ জুহদি হুসাইন মুস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘আত-তানাল আল-আরাবি’র মধ্যে দীর্ঘমেয়াদি অ্যাকাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ক্ষেত্র তৈরিতে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরবি ভাষা কর্মসূচিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ‘আত-তানাল আল-আরাবি’র সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভালো বেতনে উন্নত চাকরি পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশী কর্মীদের জন্য আরবি ভাষা একটি অত্যন্ত কার্যকর মাধ্যম হতে পারে বলে তিনি উল্লেখ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি অতিথিদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।

Advertisement