ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক

Advertisement

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা উত্তরে দলের মহানগর উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী এবং দক্ষিণে দলের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা মাহবুবুল হককে প্রার্থী করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
মাওলানা মামুনুল হক বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্বের সাথে নিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সারা দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দলীয় প্রার্থী বাছাই চলছে। ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি ৩০ শতাংশ প্রার্থী বাছাইয়ের কাজ চলমান রয়েছে।
মাওলানা মামুনুল হক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পূর্ণ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে চায় বাংলাদেশ খেলাফত মজলিস। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় প্রার্থী চূড়ান্ত ও ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে দেশের অন্যান্য সিটি করপোরেশন ও জেলাতেও প্রার্থী ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মাওলানা জালাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, অ্যাডভোকেট শাহীন পাশা চৌধুরী (সাবেক সংসদ সদস্য), মাওলানা কোরবান আলী ও মাযহারুল হক; সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ মুসা, আব্দুল হাসনাত জালালী, মোহাম্মদ ফয়সাল ও মসউল হাসান; প্রচার সম্পাদক হারুন হুরাইয়া; যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হোসাইন মিয়াজী ও মাওলানা আতাউল্লাহ আমীন; কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম, মুহাম্মদ আজীজী, সালাউদ্দিন ও মসউল জালালীসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।