মানবপাচারকারীদের নির্মূলে টেকনাফের পাহাড়ে আবারো যৌথ অভিযান

কক্সবাজার অফিস
কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে মানবপাচার চক্রের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী আবারো সাঁড়াশি অভিযান চালিয়েছে। হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর গহিন পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত কারো লাশ কিংবা জিম্মি করে রাখা ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তবে মানবপাচারকারীদের আস্তানায় রান্নাবান্নার কাজে ব্যবহৃত কিছু আসবাবপত্র ও সরঞ্জাম পাওয়া গেছে।
গতকাল দুপুরে আপাতত অভিযান শেষ হলেও পরিস্থিতি বিবেচনায় আগামীতে তা অব্যাহত থাকবে বলে জানা গেছে। 
গতকাল সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা-রঙ্গিখালী পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অন্তত দেড় শতাধিক সদস্য অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দুর্গম ওই পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে বন্দিশালা থেকে ৫৭ জনকে উদ্ধারের পাশাপাশি মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। 
অভিযানকালে পাচারকারীদের সাথে যৌথ বাহিনীর সদস্যদের গোলাগুলি হয় এ সময় পাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক মোহাম্মদ তিতাস শেখ (২৭) নিহত হন। শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ফরিদপুরের নগরকান্দায় নিজ গ্রামে দাফন করা হয়েছে।
এ দিকে শুক্রবার টেকনাফ মডেল থানার প্রাঙ্গণে উদ্ধার ৫৭ ভুক্তভোগীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়, যাদের মধ্যে ছয়জন রোহিঙ্গা ও ৫১ জন বাংলাদেশী।
একই দিন সেই পাহাড়ে তিনটি লাশ পড়ে থাকার খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। সেই খবরের ওপর ভিত্তি করে গতকাল সকালে অভিযান চালায় যৌথ বাহিনী।

Advertisement